ছয় ব্যাংকে এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল

রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে সরকার। এখন থেকে ব্যাংকগুলোর এমডি হতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও চলবে। এতদিন এসব ব্যাংকের এমডি হতে হলে অন্তত দুই বছর ডিএমডি পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হতো। তবে আগের মতোই এমডি পদে নিয়োগ পেতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

গত সোমবার এ সম্পর্কিত আগের নীতিমালায় সংশোধনী এনে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর আগে গত ২৬ জুলাই সর্বশেষ নীতিমালাটি জারি করা হয়। এ নিয়ে চলতি বছর নীতিমালাটি তিনবার পরিবর্তন করল সরকার। গত ১৮ জানুয়ারি প্রথম দফায় এই নীতিমালা পরিবর্তন করা হয়। এর আগের নীতিমালাটি জারি করা হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে।

গত ২৬ জুলাই জারি করা রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালায় বলা হয়েছিল, ডিএমডি পদে কমপক্ষে দুই বছরের কর্ম-অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের যোগ্য হবেন। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, কমপক্ষে দুই বছরের কর্ম-অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের যোগ্য হবেন। তবে বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা, সুনাম সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যবহিত পূর্ববর্তী পদে (ডিএমডি) দুই বছরের কর্ম-অভিজ্ঞতার শর্ত শিথিল করা যাবে।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া চাকরিজীবনের সব পর্যায়ে সততা, সুনাম ও সন্তোষজনক কর্ম-রেকর্ড থাকতে হবে। ব্যাংক পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলার বিষয়ে পর্যাপ্ত জ্ঞানও থাকতে হবে প্রার্থীর।

এমডি নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটির সুপারিশের পাশাপাশি প্রার্থীর গোয়েন্দা প্রতিবেদন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন পর্যালোচনা করার বিধান রাখা হয়েছে নীতিমালায়। এতে বলা হয়েছে, বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ হবে তিন বছর। প্রয়োজনে সরকার ও সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে পুনর্নিয়োগের বিষয়টি বিবেচনা করা যাবে।

উল্লেখ্য, রাষ্ট্রমালিকানাধীন ছয় বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)। এসব ব্যাংকের এমডি নিয়োগের অভিজ্ঞতার শর্ত শিথিল করা হলেও রাষ্ট্রমালিকানার বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি। এসব প্রতিষ্ঠানে এমডি হতে হলে আগের মতোই ডিএমডি পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতাসহ নবম গ্রেড থেকে কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।