কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে রোববার রাতে র‌্যাব-১১-এর সেক্টর কমান্ডার মেজর সাদমান ইসলাম গ্রেপ্তারকৃতদের সংখ্যা নিশ্চিত করেননি। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশে বুলেট বৈরাগীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ। চট্টগ্রামে বুনিয়াদি প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। স্বজন ও সহকর্মীদের দাবি,বুলেট হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছেন বুলেট বৈরাগীর মা নীলিমা বৈরাগী।
ARO Bulet Boiragi 1
রোববার সকালে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বুলেট বৈরাগীর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে শেষকৃত্য শেষে দাহ সম্পন্ন করার কথা রয়েছে। এর আগে তার কর্মস্থলে সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। অশ্রুসিক্ত পরিবেশে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে প্রিয় সহকর্মীকে বিদায় জানান তারা। স্বজন ও সহকর্মীদের কান্নায় ভারী হয়ে ওঠে কাস্টমস অফিসের চারপাশ। এদিকে আগামী ২৭ এপ্রিল এক বছরে পা দেওয়ার কথা ছিল তার শিশুপুত্র অব্যয় বৈরাগীর। তার আগেই স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্ত্রী উর্মী হীরা। নিহতের মা নীলিমা বৈরাগী অভিযোগ করে বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কুমিল্লার কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার আবদুল মান্নান সরদার জানান, বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। গত ১১ এপ্রিল সরকারি প্রশিক্ষণে যোগ দিতে তিনি চট্টগ্রামে যান। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোন করে জানান, কুমিল্লা নগরীর টমছম ব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।

সহকর্মী বুলেট বৈরাগীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাস্টমস অফিস সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কুমিল্লা ইসতিয়াক হাসান আমিন জানান, ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত অব্যাহত রয়েছে।

** রাজস্ব কর্মকর্তা খুন: তদন্তে একাধিক সংস্থা