সালাম মুর্শেদীর বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

গুলশানের প্লট দখল

জাল কাগজপত্র তৈরি করে পরিত্যক্ত সম্পত্তি হস্তান্তর, অনুমতি প্রদান এবং নামজারি করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সালাম মুর্শেদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৯ নম্বর আদালতে এ শুনানির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু বিচারক বদলির কারণে ভারপ্রাপ্ত বিশেষ জজ-৩ আদালত নতুন তারিখ নির্ধারণ করে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে বলে আদেশ দেন।

গত ১৯ অক্টোবর আসামি ইফফাত হক ও তার স্বামী মোহাম্মদ আব্দুল মঈনকে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে সালাম মুর্শেদী, নুরুল হক, রহমান ভুইয়া ও মাহবুবুল হকের পক্ষে অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য আবেদন করা হয়। ওইদিন আদালত সময় আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আজ (২৬ নভেম্বর) দিন ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম ও সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।

গুলশানে পরিত্যক্ত প্লট দখলের অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি মামলা করে দুদক। তবে, এ মামলা থেকে সালাম মুর্শেদীকে বাদ দেওয়া হয়। পরে গত ৩১ ডিসেম্বর সালাম মুর্শেদীসহ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসামিরা একে–অপরের সঙ্গে যোগসাজশ করে এবং সরকারি কর্মচারী হয়েও ক্ষমতার অপব্যবহার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে ‘খ’ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নম্বর, হোল্ডিং ২৯, রোড ১০৪–এর ২৭ কাঠার পরিত্যক্ত সম্পত্তিটি অবমুক্ত না করেই জালিয়াতির মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র তৈরি করেন। পরে ওই জাল নথির ভিত্তিতে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদনের ব্যবস্থা করে সরকারি সম্পত্তি আত্মসাতের পথ তৈরি করা হয়।

গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয় এবং তিনি সেই থেকে কারাগারে আছেন।

** সালাম মুর্শেদীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২৯ সেপ্টেম্বর
** সালাম মুর্শেদীর ২২ কোটি টাকা করফাঁকি, ব্যাংক হিসাব জব্দ
** সালাম মুর্শেদীর পরিবারের ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক