ব্যাগের ভেতর স্কচটেপে বিশেষ কৌশলে মোড়ানো ছিল স্বর্ণের পেস্ট। প্যান্টের পকেটে ছিল আরও ৩৫টি স্বর্ণালংকার। মাসকাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পেস্ট প্রক্রিয়াজাত করে পাওয়া গেছে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণপিণ্ড। সব মিলিয়ে আটক স্বর্ণের পরিমাণ ৫৩১ গ্রাম। শুক্রবার নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালানো হয়। কাস্টমস গোয়েন্দার চট্টগ্রাম বিমানবন্দরভিত্তিক দলসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, মাসকাট থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে যাত্রী মোহাম্মদ হাসান মুরাদ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে কাস্টমস হলরুমে তাঁর ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে যাত্রীর ব্যাগেজের ভেতর বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পেস্টসদৃশ স্বর্ণ পাওয়া যায়। পরে স্বর্ণকারের মাধ্যমে তা প্রক্রিয়াজাত করা হয়। এতে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

শুধু ব্যাগেই নয়, যাত্রীর প্যান্টের পকেটেও পাওয়া যায় স্বর্ণ। দেহ তল্লাশির সময় তাঁর পকেট থেকে বিভিন্ন ধরনের ৩৫টি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসব অলংকারের ওজন ১০৬ গ্রাম। পেস্ট থেকে পাওয়া ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড ও ১০৬ গ্রাম স্বর্ণালংকার মিলিয়ে মোট ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। কাস্টমস গোয়েন্দার হিসাব অনুযায়ী, আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।
বিশেষ কৌশলে স্বর্ণ লুকিয়ে আনার ঘটনায় যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহা পরিচালক রেজভি আহম্মেদ। তিনি বলেন, এই স্বর্ণের সঙ্গে কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত কি না, এর উৎস ও গন্তব্য কোথায় এবং চোরাচালানের নেপথ্যে কারা রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হবে।
