বিমানের কাছে দুই প্রতিষ্ঠানের বকেয়া ৭,৭৫৬ কোটি টাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে সরকারের দুটি প্রতিষ্ঠানের বকেয়া পাওনা ৭ হাজার ৭৫৬ কোটি টাকার বেশি। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির দাবি, তারা রেকর্ড মুনাফা করছে এবং টানা পাঁচ বছর ধরে লাভজনক অবস্থানে রয়েছে। এরই মধ্যে বিমানের বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার তোড়জোড় চলছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৫ হাজার ৮৪২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৯৭৪ টাকা। আর পদ্মা অয়েল পিএলসির পাওনা ১ হাজার ২৩২ কোটি ৭১ লাখ ১৬ হাজার ৩৮২ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানের কাছে পদ্মা অয়েলের পাওনা পরিশোধের ব্যাপারে গত বছর ২১ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। এতে সিদ্ধান্ত হয় বিমানপ্রতি মাসে পদ্মা অয়েলকে অন্তত ২৫ কোটি টাকা দেবে। জানতে চাইলে পদ্মা অয়েল পিএলসির উপমহাব্যবস্থাপক (এভিয়েশন) অনুপ কুমার বড়ুয়া বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে ২৫ কোটি টাকা পদ্মা অয়েলকে দিচ্ছে বিমান কর্তৃপক্ষ।

২০১১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে পদ্মা অয়েল কোম্পানির মোট বকেয়া পাওনা ছিল দুই হাজার ১০৮ কোটি ১৯ লাখ ৯৭ হাজার টাকা। গত বছরের ২১ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয়ে সভার পর থেকে প্রতিমাসে ২৫ কোটি টাকা পরিশোধ করছে বিমান। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন, বিমান কর্তৃপক্ষ ইতোমধ্যে ৮৭৫ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ৮৯২ টাকা বকেয়া পরিশোধ করেছে। তবে এখনও পাওনা রয়েছে এক হাজার ২৩২ কোটি ৭১ লাখ ১৬ হাজার ৩৮২ টাকা।

বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, গত আগস্ট পর্যন্ত বিমানের বিভিন্ন অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জের বকেয়া এবং সারচার্জসহ মোট পাওনা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৮৭৪ টাকা। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত পাওনা পরিশোধ করা হয়নি। তবে বিমান কর্তৃপক্ষের দাবি, রাষ্ট্রায়ত্ত এ সংস্থা রেকর্ড মুনাফা করছে। গত অর্থবছর ২০২৪-২৫ সালে যাত্রী পরিবহন থেকে বিমান ৭৮৫ কোটি টাকা লাভ করেছে। এ নিয়ে টানা পাঁচ বছর লাভের মধ্যে রয়েছে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কাস্টমার সার্ভিস ও জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, বিমানের বহরে আধুনিক মানের বোয়িং ৭৭৭-৩০০ইআর চারটিসহ মোট এয়ারক্রাফট হচ্ছে ১৯টি। বিমান এয়ারলাইন্সের এসব উড়োজাহাজ যাত্রীসেবায় দেশের অভ্যন্তরীণ রুটসহ বিদেশের নামিদামি শহরকেন্দ্রিক বিমানবন্দরগুলোতে উড্ডয়ন-অবতরণ করছে। বিমানের এ কর্মকর্তা আরও জানান, বর্তমানে টানা লাভের মধ্যে রয়েছে এয়ারলাইন্সটি। বিমানের বহর ভারী করতে আরও আধুনিক মানের ১১টি বোয়িংসহ ২১টি উড়োজাহাজ ক্রয়ের পরিকল্পনা করা হচ্ছে।

সূত্র জানায়, অর্থায়ন, বিমানবহরের পরিচালন ব্যয় ও ভূ-রাজনৈতিক চাপ নিয়ে প্রশ্ন থাকলেও জাতীয় পতাকাবাহী সংস্থাটি আরও ১১টি বোয়িং ও ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার জন্য পৃথক চুক্তির পথে এগোচ্ছে। এর ফলে ভবিষ্যতে বিমানের সংগ্রহ তালিকায় মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫টি। নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক কর্মকর্তা জানান, প্রস্তাবিত এয়ারবাস উড়োজাহাজ কেনার বিষয়ে সংস্থাটির কারিগরি-আর্থিক কমিটি ৩১ আগস্টের মধ্যে কাজ শেষ করে পরিচালনা পর্ষদের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। পর্ষদের একটি উপকমিটিও তাদের কাজ শেষ করেছে। এখন প্রস্তাবিত চুক্তি স্বাক্ষরের আগে উভয় পক্ষ চূড়ান্ত পর্যালোচনা করছে। এয়ারবাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য বিমান কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। ৩১ আগস্টের মধ্যে এয়ারবাসের সঙ্গে চুক্তি সম্পন্ন করার প্রস্তুতির কথা জানিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে নির্ধারিত সময়সীমা চুক্তি স্বাক্ষর ছাড়াই পার হয়ে গেছে। কর্মকর্তারা আশা করছেন, চলতি সেপ্টেম্বরে এ প্রক্রিয়া এগিয়ে যাবে।

সূত্রমতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শিগগির যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বোয়িং ও এয়ারবাস কর্তৃপক্ষের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করার কথা। চুক্তিগুলো চূড়ান্ত হলে, গত এপ্রিলে ১৪টি বোয়িং উড়োজাহাজের জন্য স্বাক্ষরিত ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তির পাশাপাশি এগুলো যুক্ত হবে। এতে মোট বোয়িং উড়োজাহাজ হবে ২৫টি।

বিমানসংশ্লিষ্টরা আরও জানান, বিমানের ১৯টি উড়োজাহাজের মধ্যে ড্যাশ ৮ হচ্ছে পাঁচটি। প্রতিটির আসন সংখ্যা ৭৪। চলাচল করছে দেশের অভ্যন্তরীণ ও কলকাতা রুটে। বোয়িং ৭৩৭-৮০০ হচ্ছে চারটি। প্রতিটি উড়োজাহাজের আসন সংখ্যা ১৬২। গন্তব্য দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য। বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজ আছে চারটি। প্রতিটির আসন সংখ্যা ২৭১। গন্তব্য দূরপ্রাচ্য, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা। বোয়িং ৭৮৭-৯ হচ্ছে দুটি। প্রতিটির আসন সংখ্যা ২৯৮। বোয়িং ৭৭৭-৩০০ইআর হচ্ছে চারটি। প্রতিটির আসন সংখ্যা ৪১৯। চলাচল করছে মধ্যপ্রাচ্যে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আগের নাম ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১৯৭২ সালের ৪ জানুয়ারি। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ওই দিন অভ্যন্তরীণ সেবা চালুর মাধ্যমে বিমান কার্যক্রম শুরু করে। ভারত থেকে আনা ম্যাকডনেল ডগলাস ডিসি-৩ ছিল বিমানের প্রথম উড়োজাহাজ। এটি ঢাকা থেকে চট্টগ্রাম, যশোর ও সিলেটের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এরপর ৭ মার্চ চট্টগ্রাম ও সিলেটে এবং ৯ মার্চ যশোরে ফ্লাইট পরিচালনা করা হয়। এর আগে ৪ মার্চ ১৭৯ জন যাত্রীকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসার মধ্য দিয়ে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়।