ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করল মার্কিন সুপ্রিম কোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টস–এর নেতৃত্বাধীন বেঞ্চ ৬–৩ ভোটে এ রায় দেন। আদালত বলেন, জাতীয় জরুরি পরিস্থিতির জন্য সংরক্ষিত আইন ব্যবহার করে শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

রায়ে বলা হয়েছে, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট’ ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন, তা তার আইনি এখতিয়ারের বাইরে। খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের ফলে বিশ্ব অর্থনীতি ও ট্রাম্পের ‘বাণিজ্য যুদ্ধে’ বড় ধরনের ধাক্কা লাগল।

প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কর ও শুল্ক নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। তিনি উল্লেখ করেন, শুল্ক আরোপের মতো ব্যতিক্রমী ক্ষমতা প্রয়োগ করতে হলে প্রেসিডেন্টকে কংগ্রেসের স্পষ্ট অনুমোদনের প্রমাণ দেখাতে হবে। কিন্তু সেই অনুমোদন তিনি উপস্থাপন করতে পারেননি। আদালত আরও বলেন, আইইইপিএ আইনে ‘নিয়ন্ত্রণ’ ও ‘আমদানি’ শব্দ থাকলেও, তা প্রেসিডেন্টকে যেকোনো দেশের ওপর যেকোনো হারে এবং অনির্দিষ্ট সময়ের জন্য শুল্ক আরোপের সীমাহীন ক্ষমতা দেয় না।