বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ চারজন সাবেক পরিচালক ও তাদের স্বজনদের ব্যাংক হিসাব তলব করেছে। তালিকায় রয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান এবং তার স্ত্রী কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পরিচালক তাহসিনা। পাশাপাশি একই ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল এবং তার স্ত্রী হাসিনা ইকবালের ব্যাংক হিসাবও তলবের আওতায় আনা হয়েছে।
বিএফআইইউ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে ব্যাংকের অর্থ আত্মসাৎ, অনিয়মিত বিনিয়োগ লুকানো, স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুবিধা দেওয়া এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ব্যাংকের কিছু ঋণ ও পাওনা অবলোপনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বার্থে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। একইসঙ্গে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে বরাদ্দ অর্থের ব্যবহারে অনিয়মের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
