৮২ শতাংশ সরকারি কর্মচারী আয়করমুক্ত

শুধু মূল বেতনকে করযোগ্য ধরা হওয়ায় সরকারি কর্মচারীদের ৮২ শতাংশই আয়করের বাইরে থেকে যাচ্ছেন। একই কারণে বিসিএস ক্যাডার কর্মকর্তাদেরও চাকরিতে যোগদানের পর প্রথম চার বছর আয়কর দিতে হয় না। অন্যদিকে বেসরকারি চাকরিজীবীদের শুরু থেকেই মোট বেতনের ওপর আয়কর হিসাব করে পরিশোধ করতে হয়। অর্থনীতিবিদদের মতে, সরকারের এই দ্বৈতনীতি স্পষ্ট বৈষম্য সৃষ্টি করেছে।

নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, সরকারি কর্মচারীদের বেতন–ভাতা ও পেনশন দিতে বছরে সরকারের ব্যয় হয় ৮৪ হাজার ৬৪৮ কোটি টাকা। যদি অন্যান্য খাতের মতো সরকারি কর্মচারীদের আয়কর পুরো বেতনের ওপর নির্ধারণ করা হতো, তাহলে কর আদায় অনেক বেশি বাড়ত। বর্তমানে সরকারি কর্মচারীরা সরকারকে মোটে ১৬১ কোটি টাকা আয়কর দেন, যেখানে গড়ে একজন কর্মচারীর কর পরিশোধ মাত্র ৬ হাজার ২২১ টাকা। এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, কর ন্যায্যতার জন্য সব নাগরিকের ওপর একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। পেশাভেদে আলাদা সুবিধা দিলে রাজস্ব আদায় কমবে এবং সমাজে বৈষম্যও বাড়বে।

অর্থনীতিবিদ ড. জাহিদ হাসান বলেন, প্রতিবছর বাজেটে সরকার নারী-পুরুষ, মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করে। যাতে বলা হয়, পুরুষ নাগরিকের সাড়ে ৩ লাখ টাকা বার্ষিক আয় এবং নারীদের ৪ লাখ টাকা করমুক্ত। এই বৈষম্য সামাজিকভাবে গ্রহণযোগ্য। কিন্তু যেখানে সরকারি চাকরিজীবীদের শুধু মূল বেতন করযোগ্য, যেখানে বেসরকারি চাকরিজীবীদের পুরো বেতনের ওপর আয়কর দিতে হয়। এটা তো স্পষ্টত বৈষম্য। তিনি আরও বলেন, এই বৈষম্যের কারণে অনেকের কাছে মনে হতে পারে-সরকারি চাকরিজীবীরা সমাজের প্রিভিলেজ পারসন ও এলিট শ্রেণির। যত সুযোগ-সুবিধা তাদেরই যেন বেশি দেওয়া হয়। এ ধরনের নীতির দ্বৈততার কারণে সমাজে বৈষম্য আরও বাড়ছে। ফলে বৈষম্য দূর করতে হলে বেসরকারি চাকরিজীবীদের মতো সরকারি চাকরিজীবীদেরও কর নির্ধারণ করা উচিত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) তথ্যমতে, মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, দপ্তর, করপোরেশন ও স্বায়ত্তশাসিত সংস্থা মিলিয়ে সরকারের মোট অনুমোদিত পদসংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ১১১টি। এই পদের বিপরীতে বর্তমানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। এছাড়া সিভিল, সিডিজিএফ রেলওয়ে ও অন্য ক্যাটাগরিতে পেনশনভোগী অবসরপ্রাপ্ত কর্মচারীর সংখ্যা ৮ লাখ ৩৫ হাজার ১৫ জন। এত বিপুলসংখ্যক চাকরিজীবীকে বেতন-ভাতা ও পেনশন দিতে সরকার চলতি অর্থবছরের বাজেটে ৮৪ হাজার ৬৪৮ কোটি টাকা বরাদ্দ রেখেছে।

২০১৭ সালে এনবিআর সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতাকে করমুক্ত রাখার প্রজ্ঞাপন জারি করে। এর ফলে স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ, বিজিবি, জুডিশিয়াল সার্ভিস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন করমুক্ত সুবিধা পেয়ে আসছেন। এছাড়া যে কোনো আইন বা বিধির আওতায় সরকারি কোষাগার থেকে বেতন বা আর্থিক সুবিধা পাওয়া কর্মকর্তা-কর্মচারীরাও একই কর ছাড়ের আওতায় থাকেন। অন্যদিকে, ২০২৩ সালে এনবিআর সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে। সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশনাও এতে অন্তর্ভুক্ত ছিল। এরপর থেকেই সরকারি কর্মচারীরা নিয়মিত রিটার্ন জমা দিচ্ছেন।

সম্প্রতি এনবিআর হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে জানিয়েছে, পুরুষ কর্মচারীদের মাসিক মূল বেতন ২৬ হাজার ৭৮৫ টাকা এবং নারী কর্মচারীদের মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকার বেশি হলে উৎসে কর কাটতে হবে। বর্তমান আইন অনুযায়ী সরকারি কর্মচারীদের কেবল মূল বেতনই করযোগ্য। এর বাইরে তারা যে বাসাভাড়া ভাতা (মূল বেতনের ৩০%-৫০%), চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মহার্ঘ্য ভাতা, অব্যবহৃত ছুটি ভাতা, বোনাস ও যানবাহন ভাতা পেয়ে থাকেন—সবই করমুক্ত। অন্যদিকে বেসরকারি খাতের কর্মীদের মূল বেতন, বোনাস, বাড়িভাড়া ও যাতায়াত ভাতাসহ মোট আয়ের দুই-তৃতীয়াংশের ওপর নির্ধারিত হারে কর দিতে হয়। বাকি এক-তৃতীয়াংশ বা সাড়ে ৪ লাখ টাকার কম অংশ করমুক্ত হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা অনুযায়ী বিসিএস ক্যাডার হিসাবে পে-স্কেলের ৯ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়। জাতীয় বেতন স্কেল-২০১৫ পর্যালোচনা করে দেখা গেছে, একজন ব্যক্তি বিসিএস ক্যাডারে নিয়োগ পাওয়ার চার বছর পর্যন্ত তাকে কর দিতেই হয় না। মহিলাদের ক্ষেত্রে সেটি ৬ বছর। যদিও বেসরকারি চাকরিজীবীদের বেতন থেকে উৎসে কর কেটে নেওয়া হয়। এনবিআরের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরের সরকারি কর্মচারীরা ১৬১ কোটি ৭৫ লাখ টাকার আয়কর সরকারি কোষাগারে জমা দিয়েছেন। এক্ষেত্রে আয়কর আদায়ের প্রবৃদ্ধি একেবারেই যৎসামান্য। ২০২০-২১ অর্থবছরে ১১১ কোটি ৫৭ লাখ, ২০২১-২২-এ ১১৪ কোটি ৩ লাখ, ২০২২-২৩-এ ১২৫ কোটি ৭৫ লাখ এবং ২০২৩-২৪ অর্থবছরে আয়কর দিয়েছেন ১৫০ কোটি ৫৫ লাখ টাকা। অবশ্য কতজন সরকারি কর্মচারী নিয়মিত আয়কর দেন, তার সঠিক পরিসংখ্যান এনবিআরের কাছে নেই।

জিইএমএসের তথ্য, আয়কর আইন ও সরকারি কর্মচারীদের কাছ থেকে রাজস্ব আদায়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৯ম গ্রেড ঊর্ধ্ব কর্মচারীর সংখ্যা আনুমানিক ২ লাখ ৬০ হাজার জন। মূলত এরাই আয়কর দেন। বাকি নিচের সারির কর্মচারীরা শুধু রিটার্ন জমা দেন। অর্থাৎ সরকারি চাকরিতে মোট কর্মরতদের মধ্যে মাত্র ১৮ শতাংশ আয়কর দেন এবং গড়ে একজন কর্মচারী বছরে সরকারকে আয়কর দেন মাত্র ৬ হাজার ২২১ টাকা।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, দুই বছর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারি চাকরিজীবীদের ভাতার ওপর কর আরোপ করে কর বৈষম্য কমানোর সুপারিশ করেছিল। সেই অনুযায়ী এনবিআরও বাজেটে আয়কর আইন সংশোধনের উদ্যোগ নেয়। তবে তখনকার প্রধানমন্ত্রী ওই বিধান আয়কর আইনে অন্তর্ভুক্ত না করার নির্দেশ দেন।

** অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ছে
** সরকারি কর্মকর্তা–কর্মচারীর ৪২ আয় করমুক্ত
** বেতন ২৬৭৮৫-৩০৩৫৭ টাকা হলে কর কর্তনের নির্দেশ
** ‘বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন থেকে ট্যাক্স কাটেন না’