৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় ৪০% ভবন ধসের শঙ্কা

টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার প্রায় ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং এতে দুই লাখের বেশি মানুষের প্রাণহানির সম্ভাবনা রয়েছে—রাজউকের একটি সমীক্ষায় এমন আশঙ্কা তুলে ধরা হয়েছে। যদিও রাজধানীর ভবনগুলো ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী নির্মাণ নিশ্চিত করা এবং পরিকল্পিত নগরায়ণের দায়িত্ব মূলত রাজউকেরই।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত ‘ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় রাজউক তাদের সমীক্ষার তথ্য উপস্থাপন করে। ঢাকায় গত শুক্র ও শনিবার চার দফা ভূমিকম্পের পর রাজউক গতকাল সোমবার দুপুরে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে সরকারের দুজন উপদেষ্টা, রাজউকের চেয়ারম্যান, জরুরি সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ ভূমিকম্প ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা অংশ নেন।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দ্রুত সময়ে রাজধানীর ভবনগুলোর ঝুঁকি মূল্যায়ন শুরু করার আহ্বান জানান। তিনি বলেন, এ কাজে তৃতীয় পক্ষকে যুক্ত করে অবিলম্বে মূল্যায়ন শুরু করতে হবে—অপেক্ষার সুযোগ নেই। রাজউক ও সিটি করপোরেশনকে প্রয়োজনে কঠোর হওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, যেখানে ভবন ভাঙা প্রয়োজন, সেখানে যেন কোনো ধরনের নমনীয়তা দেখানো না হয়। প্রয়োজনে রাজউককে বিশেষ ক্ষমতা দেওয়ার পরামর্শও দেন তিনি।

সেমিনারে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকের ক্ষমতা বাড়ানোর জন্য খুব তাড়াতাড়ি ‘টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্টের’ সংশোধন হচ্ছে। ভূমিকম্প হলে কতটা ক্ষয়ক্ষতি হবে, তা নিয়ে রাজউকের সমীক্ষাটি করা হয় ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের’ (২০১৫-২০২৪) রাজউক অংশের অর্থায়নে। ৫৬৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। দেশে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল ১৮৮৫ সালে। এই ভূমিকম্প হয়েছিল মধুপুর ফাটলরেখায় (ফল্ট)। এরপর ১৪০ বছর হতে চললেও এত বড় ভূমিকম্প ওই ফাটলরেখায় আর হয়নি।

রাজউকের সেমিনারে একটি নিবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. ওয়াহিদ সাদিক। তিনি মধুপুর ফল্টে বড় মাত্রার ভূমিকম্প হলে সম্ভাব্য ক্ষতির চিত্র তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, মধুপুর ফাটলরেখায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় প্রায় ৮ লাখ ৬৪ হাজার ৬১৯টি ভবন ধসে যেতে পারে, যা মোট ভবনের ৪০ শতাংশের বেশি। এতে আড়াই হাজার কোটি ডলারের মতো আর্থিক ক্ষতি হতে পারে, যার পরিমাণ প্রায় তিন লাখ কোটি টাকা। ভবন মেরামত ও পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৭০ কোটি ডলার, অর্থাৎ প্রায় ৫ লাখ ৩৩ হাজার কোটি টাকা।

ভূমিকম্পের এই ঝুঁকির কথা দেশে বহু বছর ধরেই বলা হচ্ছে। তারপরও ঢাকায় পুরোনো, ঝুঁকিপূর্ণ, নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা এবং অবৈধ ভবনের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে ভবন নির্মাণের সময়ই আইনকানুন মেনে চলার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব রাজউকের। ১৯৫৬ সালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও পরিবর্ধনের বিশেষ ক্ষমতা নিয়ে ‘ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)’ প্রতিষ্ঠিত হয়। ডিআইটি ১৯৮৭ সালে রূপ নেয় রাজউকে।

রাজউকের রূপকল্প হলো ‘আওতাধীন এলাকায় পরিকল্পিত ও টেকসই নগরায়ণ এবং বাসযোগ্য আবাসন নিশ্চিতকরণ।’ সংস্থাটির অভিলক্ষ্যে সবার জন্য নিরাপদ আবাসন এবং দুর্যোগ সহনশীল নগর বিনির্মাণের কথা বলা হয়েছে। কিন্তু সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রবল। নগরকে পরিকল্পিত করার বদলে আবাসন প্রকল্প করার মাধ্যমে প্রভাবশালীদের প্লট দেওয়ার দিকে বেশি নজর দেওয়ার অভিযোগও রয়েছে রাজউকের বিরুদ্ধে।

নগর–পরিকল্পনাবিদ এবং জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ বলেন, রাজউকের তিনটি কাজ। পরিকল্পনা তৈরি করা, উন্নয়ন করা এবং উন্নয়নের নিয়ন্ত্রণ করা। উন্নয়ন নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা হতাশাজনকভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বড় ভূমিকম্পে ৪০ শতাংশ ভেঙে পড়বে বলা হচ্ছে, এর মূল দায় রাজউকের। ভবনমালিক এবং প্রকৌশলীরাও দায় এড়াতে পারেন না।

ভূমিকম্পের ঝুঁকির মধ্যে ঢাকায় এখন ভবন রেট্রোফিটিংয়ের (মজবুতকরণ) ওপর জোর দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী। সেমিনারে একটি নিবন্ধ উপস্থাপন করেন তিনি।

অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী বিবিসির একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, তুরস্কের ভূমিকম্পে একেকজন মানুষকে উদ্ধার করতে ৩০ লাখ টাকা করে খরচ হয়েছে। সেখানে ঢাকা শহরে পাঁচ কাঠা জায়গার ওপর ছয়তলা ভবনকে রেট্রোফিটিং (মজবুতকরণ) করতে ৫০ থেকে ৬০ লাখ টাকা খরচ হবে। তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যয় হবে না। এক কোটি টাকা খরচ করে অ্যাপার্টমেন্ট কিনবেন, এমন পাঁচজনেই একটি ভবন রেট্রোফিটিং করে ফেলতে পারবেন। অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী বলেন, এখানে ভূমিকম্প হবেই। সেটা কবে হবে সেই তর্কে না গিয়ে, সামনে কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, তা নিয়ে ভাবতে হবে।

দেশের নগরায়ণের প্রক্রিয়ায় ভূতাত্তিক বৈশিষ্ট্যকে আমলে নেওয়ার বিষয়টি প্রায় অনুপস্থিত বলে সভায় মন্তব্য করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি আদিল মোহাম্মদ খান। তিনি বলেন, এর ফলে গত ৩০ বছরে ঢাকার সম্প্রসারণের ক্ষেত্রে পরিকল্পনার ব্যত্যয় করে জলাশয়, জলাভূমি এবং প্লাবনভূমিতে ইচ্ছেমতো আবাসন ও নগরায়ণ করা হয়েছে। এ ধরনের জলাশয় বা জলাভূমিতে ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ।

আদিল মোহাম্মদ খান বলেন, রাজউক ঢাকার জন্য সিসমিক মাইক্রো-জোনেশন ম্যাপ তৈরি করেছে, যেখানে নির্দিষ্ট এলাকার ভূমিকম্পঝুঁকি বিস্তারিতভাবে দেখানো হয়েছে। কিন্তু এই ম্যাপের সঙ্গে সমন্বয় না করেই ড্যাপ (বিশদ অঞ্চল পরিকল্পনা) পরিবর্তন করা হয়েছে। ব্যবসায়ীদের চাপের কারণে এলাকাভিত্তিক এফএআর বাড়ানো হয়েছে, এমনকি ঝুঁকিপূর্ণ এলাকাতেও, যা বড় ধরনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়াবে। সভায় রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম জানান, বর্তমান ড্যাপ চূড়ান্ত নয় এবং এটি অস্থায়ী। প্রজ্ঞাপন জারির পর একটি কারিগরি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশ অনুযায়ী ড্যাপে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।