৬৯০ টাকার সরকারি এলপি গ্যাসে দুর্নীতি, তদন্তে দুদক

সরকারি এলপি গ্যাস সিলিন্ডার মাত্র ৬৯০ টাকায় নির্ধারিত থাকলেও তা বাজারে অনুপস্থিত কিংবা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্যাস বিক্রয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৬ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির সহকারী পরিচালক মো. রাজু আহমেদ, তানজির আহমেদ ও আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কার্যালয়ে ওই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাত্র ৬৯০ টাকার সরকার নির্ধারিত এলপি গ্যাস সাধারণ মানুষ সহজে পাচ্ছেন না। গত ৪১ বছর ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতি বছর গড়ে ১২ লাখ গ্যাস সিলিন্ডার সরবরাহ করলেও সেগুলো সাধারণ ভোক্তার নাগালের বাইরে। অথচ এই গ্যাসই বাজারে ১,৩০০ থেকে ১,৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রতি বছর ৭০ থেকে ৮০ কোটি টাকার গ্যাস লুটপাট হচ্ছে। এই অনিয়মে ডিলারদের পাশাপাশি কিছু সরকারি কর্মকর্তাও জড়িত বলে অভিযোগ উঠেছে।