৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের

চাকরির অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবস থেকে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) হ্যাক করার দাবি করেছে ‘মাদারাক্স’ নামের একটি হ্যাকার গ্রুপ। ডার্ক ওয়েবে এসব তথ্য বিক্রির বিজ্ঞাপনও দিয়েছে গ্রুপটি। তবে হ্যাকিংয়ের দাবি প্রত্যাখ্যান করে ভেরিফাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করতে ব্যবহারকারীদের সতর্ক করেছে বিডিজবস।

রবিবার (২৩ আগস্ট) ডার্ক ওয়েবের একটি ফোরামে ‘মাদারাক্স’ ওই বিজ্ঞাপন প্রকাশ করে। এতে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা ও প্রশিক্ষণসহ ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন তথ্য থাকার দাবি করা হয়েছে। হ্যাকার গ্রুপটি পুরো ডেটাসেটের দাম চেয়েছে ১ হাজার ডলার।

সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করা হবে বলেও বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পে-ইউ ও বিন্যান্সের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে এক বিজ্ঞপ্তিতে বিডিজবস জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে।

বিডিজবসের দাবি, তাদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থায় ব্যবহারকারীর প্রোফাইল কারা দেখতে পারবেন, তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারেন। নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের অ্যাকাউন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির চেষ্টা করলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিডিজবস।