৬০% কনটেইনার হ্যান্ডলিং বিদেশিদের হাতে

চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতার প্রায় ৬০ শতাংশ বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) কাঠামোর মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ টার্মিনাল পরিচালনার দীর্ঘমেয়াদি চুক্তি সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তাবলি গোপন রাখা হয়েছে।

ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের সঙ্গে লালদিয়া টার্মিনালের জন্য ৩৩ বছর মেয়াদি, এবং সুইজারল্যান্ডের মেডলগ এসএর সঙ্গে পানগাঁও নৌ টার্মিনালের জন্য ২২ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে লালদিয়া টার্মিনালের ক্ষেত্রে আন্তর্জাতিক পরামর্শক সংস্থা আইএফসি প্রস্তাবিত ৬২ দিনের প্রক্রিয়া মাত্র দুই সপ্তাহে শেষ হওয়ায় গণতান্ত্রিক অধিকার কমিটি, বাম জোট ও ইসলামপন্থী দলগুলো প্রশ্ন উত্থাপন করেছে।

জানা যায়, লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপিএম টার্মিনালসের প্রস্তাব ৪ নভেম্বর দাখিল করা হয়। এরপর ৫ নভেম্বর কারিগরি এবং ৬ নভেম্বর আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হয়। এমনকি ৭ ও ৮ নভেম্বর সরকারি ছুটির দিনেও দর-কষাকষি চলে বলে অভিযোগ উঠেছে। ৯ নভেম্বর বন্দর বোর্ড সভার অনুমোদন পাওয়ার পর ১০-১১ নভেম্বর নৌপরিবহন ও আইন মন্ত্রণালয়ের অনুমোদন হয়। এরপর ১২ নভেম্বর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সুপারিশ এবং ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে লেটার অব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লেটার অব অ্যাওয়ার্ড দেওয়ার পর সাধারণত দুই সপ্তাহ সময় দেওয়া হলেও মাত্র এক দিনের কম সময়ের ব্যবধানে গতকাল এই চুক্তি সম্পন্ন হয়েছে।

Laldia Terminal
বন্দরের বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন, চুক্তির কোনো শর্ত দেশের স্বার্থ সুরক্ষিত না করলে পরে বড় ধরনের খেসারত দিতে হতে পারে, যার উদাহরণ দক্ষিণ আফ্রিকার জিবুতিতে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে চট্টগ্রাম বন্দরে বর্তমানে চালু থাকা চারটি কনটেইনার টার্মিনালের কার্যক্রমও বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হবে। এর মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল গত বছর থেকেই সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের হাতে রয়েছে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বর্তমানে নৌবাহিনী দ্বারা পরিচালিত ড্রাইডক হলেও ডিসেম্বরের মধ্যে এটি আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে হস্তান্তর করা হবে। বে-টার্মিনাল প্রকল্পের একটি অংশ ডিপি ওয়ার্ল্ড এবং অন্য অংশ সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এর ফলে, বিদ্যমান জেনারেল কার্গো বার্থ-জিসিবি ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল-সিসিটি ছাড়া বন্দরের প্রায় ৬০ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং বিদেশি অপারেটরদের নিয়ন্ত্রণে চলে যাবে। বন্দরের মালিকানা বিদেশিদের হাতে হস্তান্তর প্রসঙ্গে রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এভাবে পতিত স্বৈরাচারের দোসরদের হাতে বন্দরের মালিকানা তুলে দিলে ড. মোহাম্মদ ইউনূসকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি লালদিয়া চুক্তির স্থানীয় অংশীদার হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ এক আত্মীয়ের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এই উদ্যোগকে জাতীয় নিরাপত্তার প্রতি স্পষ্ট হুমকি উল্লেখ করে বলেছেন, চুক্তির শর্ত প্রকাশ না করে দেশের কৌশলগত সম্পদ হস্তান্তরের চেষ্টা তাঁরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছেন এবং প্রয়োজনে গণ-আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত আছেন।

এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সিকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক চুক্তির শর্তাবলি প্রকাশ করে তার ওপর বিশেষজ্ঞ মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ হিসেবে তিনি জনগণের অধিকারের কথা উল্লেখ করেছেন। বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, বিদেশি অপারেটর যদি আমাদের দক্ষতা বাড়ায় ও খরচ কমায়, তাহলে তাদের স্বাগত জানাই। কিন্তু সেটা গোপন চুক্তির মাধ্যমে না।

বাসদ-মার্ক্সবাদীর চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনটি নির্দিষ্ট কাজের কথা উল্লেখ করলেও তা অগ্রাহ্য করে চট্টগ্রাম বন্দরের ইজারা বিদেশি কোম্পানিকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। লালদিয়া কনটেইনার টার্মিনাল ডেনমার্কের এপিএম কোম্পানির কাছে ৪৮ বছরের জন্য অনিয়ম, তাড়াহুড়া ও গোপনীয়তার মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, নির্বাচন ও আইন-শৃঙ্খলার মতো জরুরি বিষয়কে অগ্রাহ্য করে বন্দর নিয়ে সরকারের এই তাড়াহুড়া ‘চরম বিশ্বাসঘাতকতা’ তৈরি করছে।

বিতর্কের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেন, বন্দরের মালিকানা বাংলাদেশেরই থাকবে, বিদেশি প্রতিষ্ঠান কেবল নির্মাণ ও নির্দিষ্ট সময়ের জন্য পরিচালনার দায়িত্বে থাকবে। বন্দরের দুর্বল পারফরম্যান্স (বিশ্ব র‍্যাংকিংয়ে ৩৩৪তম) এবং দুর্নীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষতা আনার জন্য আন্তর্জাতিক অপারেটরের প্রয়োজন রয়েছে। চুক্তির পূর্ণাঙ্গ দলিল প্রকাশ না করার কারণ হিসেবে তিনি আইনি সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ দরপত্র প্রক্রিয়ায় সরকারের অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা উল্লেখ করেছেন। দ্রুত কাজ সম্পন্ন করার প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, যখন সরকারের কিছু অন্তঃপ্রাণ অফিসার দিনরাত লেজার ফোকাস নিয়ে একটি বড় প্রকল্প এগিয়ে নিয়ে গেছে, তখন সবার উচিত, ‘দে মেড আস ফ্লাই’।

** লালদিয়া টার্মিনাল নির্মাণে চুক্তি সই
** ৬৭০০ কোটি বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস