হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ৫১৬টি পোশাক কারখানার প্রায় ১০০ কোটি টাকার স্যাম্পল বা নমুনা পুড়ে গেছে। এতে সরবরাহ চেইন ব্যাহত হওয়ার কারণে রপ্তানি কার্যক্রম অন্তত এক মাস বিলম্বিত হতে পারে। এই তথ্য জানানো হয়েছে পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর এক প্রতিবেদনে।
প্রত্যক্ষ এ ক্ষতির বাইরে প্রকৃত ক্ষতির পরিমাণ এক হাজার কোটি টাকার কম নয় বলেও প্রতিবেদনে জানানো হয়। এর আগে গত ১৮ অক্টোবর কার্গো ভিলেজে দুর্ঘটনার পরপরই সদস্য কারখানার ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে চিঠি দেয় বিজিএমইএ। রোববার পর্যন্ত ৫১৬টি কারখানা তাদের ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে।
এতে দেখা যায়, ৫১৬ কারখানার সম্মিলিত ক্ষতির পরিমাণ ৮০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় ৯৬ কোটি টাকা।

