৫০ হাজার লিটার তেলের অবৈধ মজুত শনাক্ত

তিন জেলায় র‍্যাবের অভিযান

জ্বালানি ও ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশের তিন জেলায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০ হাজার লিটার তেলের অস্বাভাবিক মজুতের প্রমাণ পাওয়া গেছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। র‍্যাব জানায়, গত শুক্রবার চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ফরিদপুর জেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব বলেছে, চট্টগ্রামের ছয়টি স্থানে এবং সিরাজগঞ্জের সলঙ্গা ও ফরিদপুরের কোতোয়ালি থানায় অভিযান চালানো হয়। এর মধ্যে হাটহাজারী, কর্ণফুলীর মইজ্জারটেক বাজার, নগরের সদরঘাট ও মেডিকেল রোড এলাকা এবং কয়েকটি আবাসিক ভবনের ফ্ল্যাট ও ব্যক্তিগত গুদাম অন্তর্ভুক্ত ছিল।

অভিযান চলাকালে অবৈধভাবে মজুত রাখা ৪৫ হাজার ৫৪৯ লিটার অকটেন, পেট্রল, ডিজেল ও ভোজ্যতেল উদ্ধার করা হয়। অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন এবং অবৈধ মজুতের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ১ হাজার ৫০০ লিটার তেল জব্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। র‍্যাব জানায়, সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অবৈধভাবে ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রল মজুতের দায়ে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি পেট্রলপাম্পে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে একটি মোটরসাইকেলে অতিরিক্ত জ্বালানি বহনের কারণে এক আরোহীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানিয়েছে, বাজারে অস্থিরতা সৃষ্টিকারী মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমও জোরদার করা হয়েছে।