সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যক্রমের জন্য ইউনিসেফ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ ২০ হাজার ভায়াল ভ্যাকসিন ৪১৯ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৮২৪ টাকায় কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যক্রমে ব্যবহারের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ২০২৫-২৬ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ৫০ শতাংশ ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে এবং অবশিষ্ট ৫০ শতাংশ ভ্যাকসিন ভবিষ্যতে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।
এর প্রেক্ষিতে ৫০ শতাংশ ব্যয়ের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফের নিকট দরপ্রস্তাব আহ্বান করা হয়। প্রতিষ্ঠানটি দরপ্রস্তাব জমা দিলে পিইসি তা যাচাই করে এবং নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করে। এর ফলে ১ লাখ ২০ হাজার ভায়াল ভ্যাকসিন ৪১৯ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৮২৪ টাকায় সরাসরি ইউনিসেফ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

