আট শিল্প এলাকার ১০ হাজার ১০০ কারখানার মধ্যে ৩২ শতাংশ কারখানার কর্মীরা ফেব্রুয়ারির বেতন পাননি। আর ঈদের বোনাস পরিশোধ হয়নি ৬৩ শতাংশের বেশি কারখানায়। রোববার শিল্প পুলিশ এসব তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, ১০ হাজার ১০০ কারখানার মধ্যে ফেব্রুয়ারির বেতন পরিশোধ হয়েছে এমন কারখানা ৬ হাজার ৮৩৪টি। এ হিসাবে বেতন পরিশোধ করা কারখানা ৬৭ দশমিক ছয় ছয় শতাংশ। পরিশোধ হয়নি ৩২ দশমিক তিন চার শতাংশ।
আর ঈদুল ফিতরের বোনাস পরিশোধ হয়েছে ৩ হাজার ৬৯২টিতে। বকেয়া রয়েছে ৬ হাজার ৪০৮ কারখানার। এ হিসাবে বোনাস পরিশোধ হয়নি ৬৩ দশমিক চার পাঁচ শতাংশ কারখানায়। ঈদের আগে দেশের শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন চলতি মাসের সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের নির্দেশনা ছিল। আর ঈদ বোনাস পরিশোধের নির্দেশনা ছিল ১২ মার্চের মধ্যে।
