রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছর—২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২—এর অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুন মাসে সরকারকে এ বকেয়া পরিশোধ করা হয়েছে বলে রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের এ বকেয়া নিষ্পত্তির উদ্যোগ নেয় বর্তমান ম্যানেজমেন্ট। এরই ধারাবাহিকতায় সরকারকে এককালীন ২৯ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিএসসিএল মনে করে, অতীতের আর্থিক দায় পরিশোধের এই উদ্যোগ বিএসসিএলের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসিএল মনে করে- অতীতের আর্থিক দায় নিষ্পত্তির এ উদ্যোগ প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতেও সহায়ক হবে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিএসসিএলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতে প্রতিষ্ঠানের যেসব আর্থিক দায় অনিষ্পন্ন ছিল, সেগুলো ধাপে ধাপে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে এবং চার অর্থবছরের বকেয়া আয়কর পরিশোধ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু আর্থিক সাফল্য অর্জন নয়, বরং জবাবদিহিমূলক, টেকসই ও সুশাসনভিত্তিক একটি প্রতিষ্ঠান হিসেবে বিএসসিএলকে গড়ে তোলা।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসসিএল। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং মোট ব্যয় হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে প্রতিষ্ঠানের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।
