দেশজুড়ে একযোগে ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আজ সোমবার (২৯ জুন) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। সকালেই এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং পরিবেশ সংরক্ষণে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিএনপির নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ এবং প্রতিটি শিশুকে বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাঙ্গনে এ বিশেষ সবুজায়ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
লেইস প্রকল্পের আওতায় এবার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। কর্মসূচিতে অংশ নিচ্ছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা। এ কার্যক্রম বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি প্রতিষ্ঠানকে জলবায়ু সচেতনতামূলক উদ্যোগের জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।
