২৬ টন সিগারেট পেপারে ১৩৭ কোটি টাকা শুল্ক ফাঁকি

আমদানির ঘোষণায় ছিলো খড়ের কাগজ ও রিবন কাগজ। কিন্তু আমদানি হয়েছে সিগারেট পেপার। প্রায় ২৬ টন সিগারেট পেপার আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এতে প্রায় ১৩৭ কোটি টাকা শুল্ককর ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে। দুইটি নামসর্বস্ব প্রতিষ্ঠান এই কাগজ আমদানি করেছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, এই সিগারেট পেপার দিয়ে সিগারেট তৈরি করে বাজারজাত হলে সরকার প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাতো। চট্টগ্রাম কাস্টম হাউসের একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রমতে, চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা সম্প্রতি ‘আরএম এন্টারপ্রাইজ’ ও ‘স্মার্ট মুভ’ নামে দুটি প্রতিষ্ঠানের চালান জব্দ করে। ঢাকাভিত্তিক আরএম এন্টারপ্রাইজ হংকং থেকে ১৬ টন ‘স্ট্র পেপার বা খড়ের কাগজ’ এবং স্মার্ট মুভ ‘পেপার রিবন’ নামে প্রায় ১০ টন পেপার আমদানির ঘোষণা দিয়েছিল। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কুয়েটের পরীক্ষাগারে পরীক্ষার পর নিশ্চিত হয়, চালানগুলোতে আসলে সিগারেট পেপার ছিল। এরপরও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অবৈধ আমদানি চালানগুলো ছাড়িয়ে নিতে তৎপর রয়েছে। চালানগুলো ধরা না পড়লে আরএম এন্টারপ্রাইজের ১৬ টন কাগজ থেকে আমদানি শুল্ক ও ভ্যাট মিলিয়ে সরকার হারাতো প্রায় ৮৬ কোটি টাকা, অন্যদিকে স্মার্ট মুভের চালান থেকে সরকার হারাতো প্রায় ৫১ কোটি টাকা। অর্থাৎ সরকার এই দুই চালান থেকে প্রায় ১৩৭ কোটি টাকা রাজস্ব হারাতো।

কাস্টম হাউসের একজন কর্মকর্তা বিজনেস বার্তাকে জানিয়েছেন, এই সিগারেট পেপার অবৈধ সিগারেট প্রস্তুত ও বাজারজাতকারীদের হাতে চলে যেত। এই পেপার দিয়ে যে সিগারেট তৈরি ও বাজারজাত করা হতো, তার থেকে সরকার প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব হারাতো।

সূত্রমতে, গত জুলাইয়ের মাঝামাঝি হংকং থেকে ১৬ টন খড়ের কাগজ আমদানির ঘোষণা দেয় ঢাকাভিত্তিক আরএম এন্টারপ্রাইজ। মাসের শেষ দিকে ‘স্মার্ট মুভ’ নামে আরেক প্রতিষ্ঠান ‘পেপার রিবন’ ঘোষণা দিয়ে প্রায় ১০ টন চালান আনে। পরীক্ষায় উভয় ক্ষেত্রেই ‘সিগারেট পেপার’ ধরা পড়ে। এরকম এক কেজি সিগারেট পেপার দিয়ে প্রায় ১০ হাজার সিগারেট তৈরি করা যায়।

কাস্টমসের হিসাবমতে, আরএম এন্টারপ্রাইজ এর আগেও ৪৮৯ টন কাঁচামালের আটটি চালান এনেছে। যার মূল্য ছিল ২৭ কোটি ৯ লাখ টাকা। সেগুলোতেও সিগারেট কাগজসহ সিগারেট তৈরির কাঁচামাল থাকতে পারে বলে কর্মকর্তাদের ধারণা।

** ছাগলের খামার সিগারেট স্ট্যাম্প-ব্যান্ডরোলের কারখানা!
** দুই ভাইয়ের তিন গুদামের অবৈধ সিগারেট সরঞ্জাম জব্দ
** অবৈধ সিগারেট বাণিজ্যে ‘কাউন্সিলর’
** ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির সিগারেট-ব্যান্ডরোল উদ্ধার
** রয়েল টোব্যাকো: প্রতিদিন ৬ লাখ টাকা রাজস্ব ফাঁকি
** মালয়েশিয়া থেকে আসছে ‘ভ্যাপ’, কৌশলী কাস্টমস
** বিএটির কারখানাকে দোকান হিসেবে লাইসেন্স

This will close in 5 seconds