মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করার জন্য আর স্টেশনে যেতে হবে না। এখন ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কার্ডে টাকা ভরা যাবে। এই সেবা চালু হবে ২৫ নভেম্বর। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন উদ্বোধন করবেন। শুরুতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটের লিংক থেকে রিচার্জ করা যাবে, এবং আগামী মাসে একটি অ্যাপ চালু হলে সেখান থেকেও টাকা রিচার্জ করা যাবে। ডিটিসিএ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ ব্যবস্থা চালু হলে স্টেশন কিংবা ব্যাংকের বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা রিচার্জ করতে হবে না। তবে একক যাত্রার কার্ড অনলাইনে কেনা যাবে না। এ ধরনের কার্ড স্টেশনে গিয়েই কিনতে হবে। সেবাটির বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, এটি চালু হলে স্টেশনে লাইন ধরে স্থায়ী কার্ড রিচার্জ করতে হবে না। যাত্রীদের সময় বেঁচে যাবে, ভোগান্তি কমবে।
মোবাইলে বিকাশ, নগদ বা রকেট অ্যাপ ব্যবহার করে এখন ঘরে বসেই মানুষ বিদ্যুৎ, ইন্টারনেটসহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারছেন। মেট্রোরেলের যাত্রীদের জন্যও এই সুবিধা চালুর দাবি ছিল শুরু থেকেই। এবার কর্তৃপক্ষ সেই ব্যবস্থা মেট্রোরেলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহৃত হয়—র্যাপিড ও এমআরটি পাস। নতুন ব্যবস্থায় উভয় ধরনের কার্ডই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে রিচার্জ করা যাবে।
তবে টাকা রিচার্জ করার পর গ্রাহককে তাঁর স্থায়ী কার্ডটি একবার অন্তত স্টেশনে থাকা বিশেষ যন্ত্রে স্পর্শ করিয়ে হালনাগাদ করে নিতে হবে, যা অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) নামে পরিচিত। অনলাইনে টাকা রিচার্জ করার পর একবার এই যন্ত্রে স্পর্শ করিয়ে নিলে টাকা শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শ করতে হবে না। আবার টাকা রিচার্জ করার পর আবার স্পর্শ করাতে হবে। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তাদের নিজস্ব স্থায়ী কার্ডের নাম এমআরটি পাস।
অন্যদিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সরবরাহ করা স্থায়ী কার্ডের নাম র্যাপিড পাস। এটি মেট্রোরেল ছাড়াও বাস, ট্রেনসহ অন্যান্য গণপরিবহনে ব্যবহার করার কথা। স্থায়ী কার্ডের লেনদেন নিয়ন্ত্রণের কেন্দ্র নিকাশ ঘর (ক্লিয়ারিং হাউস) ডিটিসিএর অধীন। তারা ঘরে বসে র্যাপিড ও এমআরটি পাস রিচার্জ করার কাজটি ‘ডেটা সফট’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়েছে।
যেভাবে রিচার্জ করা যাবে
ঘরে বসেই মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ডিটিসিএর তৈরি করা ব্যবস্থায় প্রথমে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর রিচার্জ অপশনে ক্লিক করে র্যাপিড পাস না এমআরটি পাস রিচার্জ করা হবে তা নির্বাচন করতে হবে। তারপর ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। টাকা পরিশোধ সফল হলে স্টেশনে গিয়ে কার্ডটি যন্ত্রে স্পর্শ করলে রিচার্জ প্রক্রিয়া সম্পন্ন হবে।

এ ব্যবস্থার নীতিমালায় বলা হয়েছে, পেমেন্ট গেটওয়ের ব্যবহারের জন্য গ্রাহককে বাড়তি ফি দিতে হবে। টাকা রিচার্জের পর এভিএম মেশিনে স্পর্শ করার আগপর্যন্ত তা অপেক্ষমাণ দেখাবে। অপেক্ষমাণ রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। এর মধ্যে এভিএম মেশিনে কার্ড স্পর্শ না করালে রিচার্জ করা টাকা যাত্রীর যে অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছিল, সেখানে চলে যাবে। তবে সে ক্ষেত্রে ১০ শতাংশ সার্ভিস চার্জ হিসেবে কেটে রাখা হবে। যাত্রী চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ করা টাকা ফেরত নিতে পারবেন। তবে এ ক্ষেত্রেও ১০ শতাংশ ফি দিতে হবে। ডিটিসিএ সূত্র জানিয়েছে, গত সোমবার মেট্রোরেলের স্টেশনগুলোতে এভিএম যন্ত্র বসানোর প্রস্তুতি শুরু হয়। প্রতিটি স্টেশনের দুটি প্রশস্ত স্থানে এ যন্ত্র বসানো হবে। ২১ ও ২২ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে ৩২টি এভিএম যন্ত্র বসানো হবে।
এখন যেভাবে রিচার্জ হয়
বর্তমানে রিচার্জ করা টাকা ও গ্রাহকের সব তথ্য এমআরটি ও র্যাপিড পাসের মধ্যে সংরক্ষিত থাকে। মেট্রোরেলের প্রতিটি স্টেশনের গেটে থাকা যন্ত্র তা পড়তে সক্ষম। তবে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করলে তথ্য সফটওয়্যারে থাকে, তাই সাধারণ গেটে টাচ করলে তা দেখাবে না। এজন্য আলাদা একটি যন্ত্র বসানো হচ্ছে, যা ব্যবহার করে কার্ডে রিচার্জ করা টাকার তথ্য হালনাগাদ করতে হবে। একবার হালনাগাদ হলে, এই কার্ড দিয়ে টাকা শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে গেটে স্পর্শ করে মেট্রোরেলে ঢোকা ও বের হওয়া সম্ভব হবে।
এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করলে যাত্রীদের ১০ শতাংশ ছাড় পাওয়া যায়। বর্তমানে মেট্রোরেলের ৫৫ শতাংশ যাত্রী র্যাপিড বা এমআরটি কার্ডে যাতায়াত করছেন, বাকি ৪৫ শতাংশ একক যাত্রার কার্ড ব্যবহার করছেন। মেট্রোরেল প্রকল্প শুরু করার সময় বলা হয়েছিল, ট্রেন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এবং পূর্ণ সক্ষমতায় প্রতি সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চলার কথা। এভাবে চললে ঘণ্টায় ৬০ হাজার ও দিনে ৫ লাখ যাত্রী পরিবহন সম্ভব। বর্তমানে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলায় দৈনিক যাত্রী সংখ্যা ৬ লাখ ৭৭ হাজার পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে।
** ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে
** মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা
** ব্যাংক কার্ড পাঞ্চ করে মেট্রোরেলের ভাড়া দেওয়া যাবে
** মেট্রোরেল চালু, বহন করা যাবে না মাংস
** মেট্রোরেলের ভেতরে থাকবে এমআরটি পুলিশ
** মেট্রোরেল রিচার্জে দুর্ভোগ, বিকাশ-রকেট সেবা কবে?
** মেট্রোরেলে ২৬০০ কোটি টাকা বাদ দেওয়ার সুপারিশ
** মেট্রোরেলে টিকিট থেকে ২৪৪ কোটি টাকা আয়
** মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি, টিকেটে ভ্যাট থাকছে না
** মেট্রোর র্যাপিড পাস কার্ড রিচার্জ অনলাইনে
** উধাও ২ লাখ ৪০ হাজার মেট্রো পাস, জবাব নেই
** দুই লাখ সিঙ্গেল টিকিট নিয়ে গেছেন যাত্রীরা
** ২০ লাখে কাজীপাড়া স্টেশন মেরামত, খুলছে শুক্রবার
