Header – After

২৫ ক্যাডারের কর্মকর্তাদের কলম-বিরতির ঘোষণা

বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের ‘বৈষম্যমূলক’ সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ কয়েকটি দাবিতে ২৫টি ক্যাডারের কর্মকর্তারা ২৭ মে থেকে কলম বিরতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর উদ্যোগে ঘোষিত এ কর্মসূচি ২৭ ও ২৮ মে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। সারাদেশে সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তারা এতে অংশ নেবেন। তবে হাসপাতালের জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ সেবাখাত এই কর্মসূচির বাইরে থাকবে।

সংগঠনের সভাপতি এম এম রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসন ক্যাডার কর্তৃক ‘বৈষম্যমূলকভাবে’ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা দায়েরের প্রতিবাদেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি প্রশাসন ক্যাডারের সদস্যরা মন্ত্রণালয়ের ভেতরে মারামারি, মিছিল ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে শোডাউনের মতো ঘটনা ঘটিয়েছেন। এমনকি তারা সংস্কার কমিশনকে আল্টিমেটামও দিয়েছেন।

এইসব ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু হলে প্রশাসন ক্যাডারের সদস্যদের সঙ্গে অন্য ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ও দ্বন্দ্ব তৈরি হয়। এরই প্রেক্ষিতে ২৫টি ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যদিও সরকারের বিভিন্ন মহল এ বিরোধ নিরসনের আশ্বাস দিয়েছিল, তা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। বরং সম্প্রতি কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলেও প্রশাসন ক্যাডারের সদস্যদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।