ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১০ লাখ ৯৬ হাজার ২৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এর মধ্যে প্রবাসী ভোটার রয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন এবং দেশের ভেতরের ভোটার ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি জানান, সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ভোটদান সম্পন্ন করেছেন। এ ছাড়া ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। এরই মধ্যে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। প্রবাসীদের পাঠানো ব্যালটের মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সারা দেশের ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছে দেওয়া হয়েছে। দেশের ভেতরে ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোটদান সম্পন্ন করেছেন। ৫ লাখ ৬১ হাজার ১৩৯ জন ভোটার পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। আর রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট গ্রহণ করেছেন।
