Header – After

১০ বহুজাতিক প্রতিষ্ঠান পুঁজিবাজারে আনার উদ্যোগ

সরকার মালিকানাধীন বহুজাতিক কোম্পানি ও লাভজনক রাষ্ট্রীয় মৌল ভিত্তিসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে এই ধরনের ১০টি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, দেশের পুঁজিবাজারে বড় ও শক্তিশালী প্রতিষ্ঠানের ঘাটতি দীর্ঘদিনের। সরকারি ও বহুজাতিক অনেক কোম্পানি লাভজনক, স্বচ্ছ হিসাবরক্ষণে অভ্যস্ত ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রমের সক্ষমতা রাখে। এসব প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে বাজারে আস্থার সংকট অনেকটাই কাটতে পারে। এ লক্ষ্যে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো অন্তত এক দশকের বেশি সময় ধরে রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনার কথা বলে আসছে। বিভিন্ন বাজেট বক্তৃতা, নীতিগত ঘোষণা ও পুঁজিবাজার সংস্কার আলোচনায় বিষয়টি বারবার এসেছে। শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েও এ বিষয়ে একাধিক বৈঠক হয়। গত আগস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে বাধ্য করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়, যা চলমান রয়েছে।

আজকের বৈঠকে ইউনিলিভার, নেসলে, নোভার্টিস, সিনজেন্টা, সাইনোভিয়া বাংলাদেশ, কর্ণফুলী গ্যাস কোম্পানি, কর্ণফুলী ফার্টিলাইজার, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি এবং সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হবে। অর্থ বিভাগের আয়োজিত এ বৈঠকে এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যানরা অংশ নেবেন। এছাড়া বাণিজ্য, শিল্প ও বিদ্যুৎ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির প্রধানও উপস্থিত থাকবেন।

অর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, পুঁজিবাজারের সার্বিক অবস্থা পর্যালোচনা এবং এর উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে গত ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের মালিকানা রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।