Header – After

১০ কোম্পানি পুঁজিবাজারে আনতে সরকারের সম্মতি

লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশীয় কয়েকটি লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ডাইরেক্ট লিস্টিংয়ের (সরাসরি তালিকাভুক্তি) মাধ্যমে শেয়ারবাজারে আসবে। অন্যদিকে বহুজাতিক কোম্পানিগুলো জানিয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়ে তারা নিজ নিজ বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে। বুধবার (৭ জানুয়ারি) প্রাথমিকভাবে ১০টি কোম্পানিকে পুঁজিবাজারে আনার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)–এর চেয়ারম্যান আবু আহমেদ। বৈঠকে সভাপতিত্ব করেন ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠকে প্রাথমিকভাবে নির্বাচিত ১০ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পাশাপাশি বাণিজ্য উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) উপস্থিত ছিলেন; এছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)–এর চেয়ারম্যান ও বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)–এর চেয়ারম্যান বৈঠকে অংশ নেন। বৈঠকে আলোচনায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সিনোভিয়া বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসি।

বৈঠকে শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এখন শেয়ারবাজার মোটামুটি আইনের মধ্যে এসেছে। এখন আমাদের শেয়ারবাজারের গভীরতা বাড়ানো ও আস্থা ফেরানো দরকার। আস্থা ফেরানোর জন্য আমরা বলেছি সরকারি ভালো ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ার অফলোড করতে। বহুজাতিক কোম্পানিগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওখানে আমাদেরও (সরকারের) শেয়ার আছে, কিন্তু তালিকাভুক্ত না।

তাহলে কি তালিকাভুক্তির প্রক্রিয়া এখন শুরু হবে এবং কোম্পানিগুলো রাজি কি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা জানান, প্রক্রিয়া শুরু হবে, তবে কোম্পানিগুলো নিজস্ব বোর্ডের অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তিনি বলেন, সরকার থেকে ইতোমধ্যেই সম্মতি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আগেও আলোচনা হয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করলে যে কোম্পানিগুলোকে কোনো সময়সীমা দেওয়া হয়েছে কি না, তিনি বলেন, দ্রুত প্রক্রিয়া শুরু করার জন্য বলা হয়েছে এবং সরকার চায় এটি শীঘ্রই সম্পন্ন হোক।

** ১০ বহুজাতিক প্রতিষ্ঠান পুঁজিবাজারে আনার উদ্যোগ