চট্টগ্রাম কাস্টমস হাউস আরও ১০২টি কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইমস্টোন, কাপড়, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং গৃহস্থালি সামগ্রীসহ নানা পণ্য। নিলামে এসব পণ্যের কোনো সংরক্ষিত মূল্য রাখা হয়নি। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বাড়ানো, বিদ্যমান কনটেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ রাষ্ট্রীয় সম্পদের অপচয় রােধে চট্টগ্রাম কাস্টমস হাউস অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিতভাবে নিলাম আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় জুন মাসে নিলামযোগ্য ১০২ কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৪ লটে ১০২ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জাবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হবে। ১৮ জুন বেলা ১১টায় ই-অকশনের দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে।
