হিলিতে পেঁয়াজের দাম কমল কেজিতে ৪ টাকা

দিনাজপুরের হিলি বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪ টাকা কমেছে। বিক্রেতাদের মতে, সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে এ দরপতন দেখা দিয়েছে এবং বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দাম বাড়ার সম্ভাবনা কম। সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে, ফলে দাম নিম্নমুখী রয়েছে। এক সপ্তাহ আগেও যেখানে প্রতি কেজি পেঁয়াজ ৩৪ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা কমে ৩০ টাকায় নেমে এসেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত জানান, মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হওয়ার পর নতুন হালি পেঁয়াজ আসায় দাম স্বাভাবিক ছিল। কিন্তু ঈদের পর বৃষ্টির কারণে কৃষকরা খেত থেকে পেঁয়াজ তুলতে না পারায় বাজারে কিছুটা ঘাটতি দেখা দেয়। এখন আবার কৃষকরা নিয়মিত পেঁয়াজ তুলছেন, ফলে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাইকারি বাজারে যে পেঁয়াজ আগে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা মণ কিনতে হতো, তা এখন ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। দেশী পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম সামনে আরো কমতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমরা নিয়মিত তদারক করছি। ব্যবসায়ীদের কেনা ও বিক্রির দাম যাচাই করা হচ্ছে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দাম নিলে আর্থিক জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে এবং জনস্বার্থে এ অভিযান নিয়মিত চলবে।’