Header – After

হিমাগারে বাড়েনি দাম, খুচরায় দ্বিগুণ

মোকামে আলুর দাম স্থির থাকলেও খুচরা বাজারে তা হঠাৎ দ্বিগুণ বেড়েছে। মাত্র এক সপ্তাহে আলুর মানভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। হিমাগার মালিকদের দাবি, ১৪ থেকে ১৫ টাকায় বিক্রি হওয়া আলু খুচরায় ৩০ টাকা পর্যন্ত বিক্রি হওয়া অস্বাভাবিক এবং অযৌক্তিক। তাদের মতে, এই বাড়তি দামে কৃষকের কোনো লাভ হচ্ছে না; বরং লাভের অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। তারা বলছেন, বাজারে এ ধরনের অস্থিরতা ঠেকাতে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

গতকাল রোববার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা, বগুড়ার লাল আলু ৩৫ টাকা, কাঠিলাল ৪০ টাকা এবং জাম আলু ৫৫ টাকা কেজিতে। নয়াবাজার, হাতিরপুল, পলাশী ও শান্তিনগরসহ বেশিরভাগ বাজারে একই দাম থাকলেও কারওয়ান বাজারে প্রতিকেজিতে ১ থেকে ২ টাকা কম দামে বিক্রি হতে দেখা গেছে। খুচরা বাজারে দাম বাড়লেও পাইকারি পর্যায়ে আলুর দাম আগের মতোই রয়েছে।

রোববার কারওয়ান বাজারে পাঁচ কেজি আলু পাইকারি পর্যায়ে বিক্রি হয়েছে ১১০ থেকে ১১৫ টাকায়। আড়তদার বাবুল মিয়া জানান, পাইকারি বাজারে আলুর দাম বাড়েনি; বরং আগের তুলনায় কিছুটা কমেছে।

২০ জুলাই রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রকাশিত বাজারদর তথ্যে জানা গেছে, রোববার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকায়। টিসিবির তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে আলুর দাম তুলনামূলকভাবে কম ছিল। এপ্রিল মাসে গড় দাম ছিল সাড়ে ২২ টাকা, মে মাসে নেমে আসে ২১ টাকা ৫ পয়সায়, আর জুনে আবারও সাড়ে ২২ টাকায় ওঠে। তবে জুলাইয়ে দাম বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা কেজিতে। এতে এক মাসে আলুর দাম বেড়েছে ২২ দশমিক ২২ শতাংশ এবং এক বছরের ব্যবধানে বেড়েছে ৫২ দশমিক ১৭ শতাংশ। টিসিবির তথ্য বলছে, গত বছর এ সময় আলুর দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা কেজি।

কেরানীগঞ্জ মডেল টাউনের বাসিন্দা ক্রেতা মাসুদ রানা জানান, সম্প্রতি আলুর দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। দারুসসালাম এলাকার রকিব উদ্দিন বলেন, দেড় সপ্তাহ আগে তিনি ২০ থেকে ২২ টাকায় এক কেজি আলু কিনেছিলেন, কিন্তু গত বৃহস্পতিবার একই আলু কিনতে হয়েছে ৩০ টাকায়।

হিমাগার কর্তৃপক্ষ মনে করছেন, খুচরা বাজারে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক ও হাসেন কোল্ড স্টোরেজের মালিক হাসেন আলী জানান, গত বৃহস্পতিবার হিমাগার পর্যায়ে আলুর দাম ছিল কেজিতে ১৪ থেকে ১৫ টাকা, আর মানভেদে ১২ থেকে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩০ টাকায়, যা একেবারেই অস্বাভাবিক।

তিনি বলেন, যদি হিমাগার পর্যায়ে আলুর দাম বাড়ত, তাহলে কৃষকরা লাভবান হতেন, কিন্তু তা হয়নি। আলু হিমাগার থেকে ঢাকায় পৌঁছাতে মাত্র এক থেকে দুই টাকা খরচ হয়, তাই খুচরায় দাম দ্বিগুণ হওয়ার কোনও যুক্তি নেই। বিষয়টি নিয়ে তারা সরকারের বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়কে বাজার নিয়ন্ত্রণের জন্য অবহিত করেছেন। অন্যদিকে, কৃষি বিপণন অধিদপ্তরের হিসাব মতে, চলতি মৌসুমে আলুর গড় উৎপাদন খরচ প্রতি কেজি ১৪ টাকা, এবং উত্তরাঞ্চলের কৃষকদের খরচ ২০ টাকা।