হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ

চলতি বছরে হালদা অববাহিকার মানিকছড়ি এলাকায় তামাক চাষ পুরোপুরি বন্ধ করা হয়েছে। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে এ বছর তামাক চাষ বন্ধ বাস্তবায়ন সম্ভব হয়েছে। গত বছর একই এলাকায় ১১ জন চাষির প্রায় ২০ একর জমিতে তামাক চাষের তথ্য নথিভুক্ত ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষজ্ঞদের মতে, কৃষিকাজে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক ও হালদা অববাহিকায় তামাক চাষ দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র এবং মৎস্য হেরিটেজ হালদা নদীর পানি দূষণের অন্যতম কারণ। তামাক চাষ বন্ধ হওয়ায় হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হালদা নদী মৎস্য হেরিটেজের বিদ্যমান গেজেট সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে হালদা অববাহিকা অঞ্চলে তামাক চাষ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় হালদা অববাহিকা এলাকায় তামাক চাষ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের পর মানিকছড়ি উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট তামাকচাষিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সরকারি প্রজ্ঞাপনের বিষয়টি জানায় এবং তামাকের চারা রোপণ না করার পরামর্শ দেয়। সাধারণত ডিসেম্বর ও জানুয়ারি মাসে তামাকের চারা রোপণ করা হয়। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই এলাকার কৃষকদের সরিষা, ভুট্টা ও বিভিন্ন ধরনের সবজি চাষে উৎসাহিত করছে।