হাদি হত্যা মামলার আসামির বিরুদ্ধে দুদকের দুই মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং দুই ব্যাংক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে আরেকটি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী শাহেনা পারভীন সামিয়ার ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান। মামলার আসামিরা হলেন- হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর শাহেনা পারভীন সামিয়া, মিডল্যান্ড ব্যাংক এক্সিকিউটিভ অফিসার মো. শফিকুল ইসলাম ও রিলেশনশিপ অফিসার মো. সারোয়ার হোসেন।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, ভুয়া ট্রেড লাইসেন্স ও জাল কাগজপত্র ব্যবহার করে আসামিরা জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করেন। পরে দুটি কোম্পানিকে যৌথ উদ্যোগে কাজ দেওয়ার কথা বলে টেন্ডার সিকিউরিটি হিসেবে ৯৫ লাখ ৬১ হাজার টাকার পে-অর্ডার গ্রহণ করেন। এরপর ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় সরকারি প্রতিষ্ঠানের নামে বেসরকারি মালিকানাধীন ব্যাংক হিসাব খোলা হয় এবং প্রতারণার মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করা হয়। অনুসন্ধানে আরও জানা গেছে, দরপত্রের মাধ্যমে পাওয়া ইএমডির অর্থ প্রথমে ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি’র হিসাবে জমা করা হয়। পরে ওই অর্থ মাসুদের নিজ নামে থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়। সেখান থেকে অর্থ তার স্ত্রী শাহেনা পারভীন সামিয়ার নামে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের রূপনগর উপশাখায় এফডিআর হিসেবে জমা রাখা হয়। এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

অন্যদিকে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় আরো একটি মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেনা পারভীন সামিয়ার (পেশায় গৃহিণী) বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তিনি তার স্বামীর মাধ্যমে ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ ভোগদখলে রেখেছেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা ও ভোগদখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তিনদিন পর ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ফয়সাল করিম মাসুদকে আসামি করে ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। বর্তমানে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আছেন বলে জানা গেছে।

২০২৫ সালের ১৪ ডিসেম্বর ফয়সাল করিমের আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টভিত্তিক প্রতিষ্ঠানটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া ২০১৬ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহযোগিতা ও সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ‘ব্যাটল অব ৭১’ নামে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি কম্পিউটার গেম তৈরি করে ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড। প্রতিষ্ঠানটির মালিকও ফয়সাল করিম মাসুদ।

জুলাই গণ–অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৮ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়। ওই মামলারও প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। মামলা হওয়ার কিছুদিন পর ৭ নভেম্বর আদাবর এলাকা থেকে ফয়সাল করিমকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, তিনটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল।