নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রবীণ এ নেতা ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, সাবেক এই সংসদ সদস্যের গত কয়েক বছরে আয় বাড়লেও সম্পদের পরিমাণ কিছুটা কমেছে এবং একই সঙ্গে দায়ের পরিমাণ বেড়েছে।
চলতি অর্থবছরে আয়কর রিটার্নের সঙ্গে জমা দেওয়া হিসাব অনুযায়ী, গিয়াস উদ্দিনের মোট সম্পদের পরিমাণ ১৭ কোটি ৪ লাখ ১২ হাজার ২২ টাকা। তার স্ত্রী ও সন্তানদের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৬ কোটি এক হাজার ৭৩৯ টাকা। সাত বছর আগের হলফনামায় তিনি নিজের নামে ১৭ কোটি আট লাখ ৫৩ হাজার ২১১ টাকার সম্পদ রয়েছে বলে উল্লেখ করেছিলেন। তখন দুই স্ত্রীর সম্পদ দেখিয়েছিলেন আট কোটি ২৪ লাখ ১৩ হাজার ৩৩৭ টাকা।
পেশায় ব্যবসায়ী গিয়াস উদ্দিনের বর্তমান বার্ষিক আয় ৩৫ লাখ ১৬ হাজার ১৯৬ টাকা, যা আগে ২০ লাখ ৫ হাজার ২১০ টাকার তুলনায় বৃদ্ধি পেয়েছে। পূর্বে তার দুই স্ত্রীর মিলিত আয় ছিল ৬ লাখ ৮০ হাজার টাকা; তবে এক স্ত্রীর প্রয়াণের পর নতুন হলফনামায় অপর স্ত্রীর কোনো আয় উল্লেখ করা হয়নি। হলফনামায় গিয়াস উদ্দিনের মোট দায় দেখানো হয়েছে ৬ কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৩৬৪ টাকা, আর তার স্ত্রী ও সন্তানদের দায় রয়েছে ২ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ২৯৭ টাকা। উল্লেখ্য, তার নামে কোনো ব্যাংক ঋণ নেই।
২০১৮ সালে গিয়াসের নামে দায় ছিল তিন কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৩৬৪ টাকা। তখন স্ত্রী-সন্তানদের নামে কোনো দায় বলেননি তিনি। এক সময় কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা গিয়াস উদ্দিন পরে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালেও তিনি আসনটিতে প্রার্থী হওয়ার জন্য ভোটের মাঠে নেমেছিলেন। কিন্তু পরে আসন সমঝোতায় বিএনপি জোটের দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে সরে আসেন।
এবারও জমিয়তের মনির হোসাইন কাসেমীকে আসনটি ছেড়ে দিলে গিয়াস উদ্দিন আসনটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একইসঙ্গে তিনি সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনেও সম্ভাব্য প্রার্থী। ২৯ ডিসেম্বর দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। যদিও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম মান্নানকে ঘোষণা করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় ৩১ ডিসেম্বর তাকে বহিষ্কার করেছে বিএনপি।

