জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর থেকেই আলোচনায় উঠে এসেছে—দুজনের সম্পদের পরিমাণ কত? নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া তাদের হলফনামা, আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী থেকেই এসব তথ্য পাওয়া গেছে। ইসিতে জমা দেওয়া শেখ হাসিনার সম্পদ বিবরণীতে দেখা যায়, পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ দশমিক ৩ বিঘা কৃষিজমি এবং সেখানে নির্মিত তিনতলা ভবনসহ ৬.১০ শতাংশ (আংশিক) জমি রয়েছে।
এদিকে ২০২৪ সালে জমা দেওয়া আয়কর রিটার্নে সম্পদের বিবরণীতে টুঙ্গিপাড়া, গাজীপুর ও রংপুরে ১৫ দশমিক ৫০ বিঘা অকৃষি জমি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে; যেখানে ৬ দশমিক ৬৫ ডেসিমেল জমি সরকার অধিগ্রহণ করেছে বলেও উল্লেখ করা হয়েছে। সোয়া ১৩ লাখ টাকার গয়না, সাড়ে ৭ লাখ টাকার আসবাবপত্র, দুটি গাড়ি, এসি, ব্যাংকে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকাসহ মোট ৪ কোটি ৭১ লাখ ৩২ হাজার ১৯১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে শেখ হাসিনার। সেখানে বলা হয়েছে, আগের অর্থবছরে তার মোট সম্পদ ছিল ৯ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৭০৮ টাকা, সেখান থেকে তিনি কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে উপহার দেন ৫ কোটি টাকা।
২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ইসিতে দেওয়া হলফনামায়, ১৫ দশমকি ৩ বিঘা কৃষিজমির অর্জনকালীন মূল্য দেখানো হয় ৬ লাখ ৭৮ হাজার টাকা। পূর্বাঞ্চলের অকৃষি জমি অর্জনকালীন মূল্য দেখানো হয় ৩৪ লাখ ৭৬ হাজার টাকা। তিনতলা ভবন ৬ দশমিক ১০ শতকের (আংশিক) অর্জনকালীন মূল্য দেখানো হয় ৫ লাখ টাকা। সবমিলিয়ে হলফনামায় তিনি দেখিয়েছিলেন ৪ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ১০৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ।
যদিও দুর্নীতি দমন কমিশন বলছে, শেখ হাসিনা সম্পদের তথ্য হলফনামায় গোপন করেছেন। এজন্য ইসিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল। তবে নির্বাচন কমিশন বলেছে, এখন আর তাদের ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইন নেই। শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের হলফনামা
ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান খান কামাল। হলফনামায় তিনি দেখিয়েছেন—হাতে নগদ ৮৪ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৮২ লাখ টাকা, বন্ড ও শেয়ারে ২৪ লাখ টাকা এবং ডাকঘর, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে ২ কোটি ১ লাখ টাকা। সম্পদ বিবরণীতে আরও উল্লেখ আছে দুটি গাড়ির মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা, আসবাবপত্র ২ লাখ টাকা এবং ব্যবসার মূলধন হিসেবে ঋণ বাবদ ২ কোটি ২০ লাখ টাকা। এছাড়া তিনি দেখিয়েছেন ১৭১ শতাংশ কৃষিজমির অর্জনকালীন মূল্য ১ কোটি ৬ লাখ টাকা, সাড়ে ১৮ শতাংশ অকৃষি জমির মূল্য ৫৮ লাখ টাকা এবং বাড়ি–অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় ১ কোটি টাকা। সব মিলিয়ে আসাদুজ্জামান খান কামাল মোট প্রায় ১০ কোটি ২৫ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন।
