ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অন্তত দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন। তার অভিযোগ, দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি টেলিভিশন বিপণনের জন্য তার অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করেছে। রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে তিনি মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, স্যামসাং তাদের বিক্রির জন্য তৈরি টেলিভিশনের কার্ডবোর্ডের বাক্সে ডুয়া লিপার কপিরাইটযুক্ত ছবি ব্যবহার করেছে, যা দেখে মনে হয় তিনি নিজেই পণ্যটির প্রচার করছেন—এতে কোম্পানিটি আর্থিকভাবে লাভবান হয়েছে। মামলার তথ্যে উল্লেখ করা হয়, ব্যবহৃত ছবিটির শিরোনাম ‘ডুয়া লিপা ব্যাকস্টেইজ অ্যাট অস্টিন সিটি লিমিটস, ২০২৪’ এবং এ ছবির পূর্ণ মালিকানা ও স্বত্বাধিকার একমাত্র ডুয়া লিপারই।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরাধে রাজি হননি স্যামসাং ইলেকট্রনিক্সের একজন মুখপাত্র। তিনি কেবল বলেছেন, মামলাটি যেহেতু বর্তমানে আদালতে প্রক্রিয়াধীন ফলে এ নিয়ে কথা বলার সুযোগ নেই। অন্যদিকে, ডুয়া লিপার আইনজীবীদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারাও কোনো সাড়া দেননি।
কপিরাইট ও ট্রেডমার্ক লঙ্ঘনের পাশাপাশি ডুয়া লিপা স্যামসাংয়ের বিরুদ্ধে ‘পাব্লিসিটি রাইটস’ বা নিজের ব্যক্তিগত পরিচিতি অপব্যবহারের অভিযোগও এনেছেন। মামলার নথিতে ডুয়া লিপার আইনজীবীরা বিভিন্ন সামাজিক মাধ্যম পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট যোগ করেছেন। তাদের দাবি, টিভির বাক্সে গায়িকার ছবি দেখে অনেক ক্রেতাই পণ্যটি কিনতে আগ্রহী হয়েছেন। এমন এক স্ক্রিনশটে দেখা যায়, ডুয়া লিপার একজন ভক্ত মন্তব্য করেছেন, তিনি টেলিভিশনটি কিনবেন ‘কেবল ডুয়া লিপার ছবি থাকার কারণে’।
ডুয়া লিপার আইনজীবীরা বলেছেন, ‘লেভিটেটিং’ খ্যাত এ গায়িকা গত বছরের জুনে স্যামসাংয়ের এ নিয়ম লঙ্ঘনের বিষয়টি জানতে পারেন। তখন তিনি স্যামসাংকে তার ছবি ব্যবহার বন্ধের অনুরোধ জানান। তবে দক্ষিণ কোরীয় এ কোম্পানিটি বারবার তা করতে অস্বীকার করে। আইনজীবীরা আরও বলেছেন, স্যামসাংয়ের এ অননুমোদিত ছবি ব্যবহারের কারণে ডুয়া লিপার ‘ব্র্যান্ড ভ্যালু’ ও ব্যবসায়িক সুনাম ক্ষতির মুখে পড়ছে। কারণ, এর মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছে এই ভুল বার্তা যাচ্ছে যে, তিনি এসব পণ্য পছন্দ করেন এবং সেগুলোর প্রচার করছেন। ডুয়া লিপার ছবি ব্যবহারের ফলে তার দীর্ঘদিনের গড়ে তোলা ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।
