স্বাস্থ্য খাতে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এর আগের দিন বুধবার তার বিরুদ্ধে সিন্ডিকেট গঠন করে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক বার্তায় ডিএমপি জানিয়েছে, আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে মামলার কথা জানায়নি ডিএমপি।
গতকাল বুধবার ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট নামে দুটি প্রতিষ্ঠানের মালিক মিঠু কৃষি জমি কেনা, জমি লিজ নেওয়া, প্লট ও ফ্ল্যাট ক্রয় এবং বাড়ি নির্মাণে মোট ১৮ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ সংগ্রহ করেছেন।
এছাড়া বিভিন্ন কম্পানিতে শেয়ার ও বিনিয়োগ, গাড়ি ক্রয়, ব্যাংক হিসাবের স্থিতি, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী মিলিয়ে তার আরও ৫৭ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ২৩৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
