স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: স্থানীয় সরকারমন্ত্রী

‎স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের দলের চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মির্জা ফখরুল।

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু হয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার সময় প্রায়ই কিছু বৈশ্বিক জটিলতা তৈরি হয়। এবারও দায়িত্ব গ্রহণের পরপরই ইরান-ইসরায়েল যুদ্ধের মতো বড় সংকটের সম্মুখীন হতে হয়েছে। তবে সরকারের সক্ষমতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি দেখা দেয়নি এবং তেলের দামও বৃদ্ধি পায়নি। সংকটের মধ্যেও গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করা সম্ভব হয়েছে।

দলীয় কর্মকাণ্ড নিয়ে বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে ছোটখাটো পরিসরে দলের কার্যক্রম চললেও এ বছরের মধ্যেই বিএনপির দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্রুত কাজ চলছে এবং এ বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সরকারের সামগ্রিক মূল্যায়ন করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এক মাসে আমরা সরকারের সব ক্ষেত্রে সাফল্য দেখতে পাচ্ছি। ইতোমধ্যেই সংসদ অধিবেশন শুরু হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ আলোচনাও হচ্ছে। তবে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করা। সরকার এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। সান্তাহারে ট্রেন লাইনচ্যুতির মতো দুর্ঘটনার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শিগগির রেল চলাচল সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক হবে।