স্ত্রীসহ সিএন্ডএফ এজেন্ট শাহজাহানের বিরুদ্ধে মামলা

কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট ও আমদানি–রপ্তানিকারক মোহাম্মদ শাহজাহান এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটো পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো করেন।

এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ৮৩ হাজার ৭৩৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। নথিপত্র পর্যালোচনায় এসব সম্পদ তিনি নিজ ভোগ দখলে রেখেছেন বলে প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে তার স্ত্রী ফারজানা আক্তারের দাখিল করা সম্পদ বিবরণীতে ৫১ লাখ ৯৩ হাজার ৩৪৮ টাকার সম্পদ গোপন ও দুই কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৮৬৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও একটি মামলা হয়েছে।

দুদকের অনুসন্ধানে ফারজানা আক্তারের নামে মোট ১৩ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৬৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গ্রহণযোগ্য আয় ও ব্যয় সমন্বয় করে ১১ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ২০০ টাকার বৈধ উৎস প্রমাণিত হয়েছে। ফলে তাঁর দুই কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৮৬৮ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।