ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম–এর নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দুটি বিও হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিন দুদকের সহকারী পরিচালক রাসেল রনি আবেদনটি দাখিল করেন।
আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার ও অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা ও নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অভিযোগ রয়েছে , সাবেক ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম–এর নামে থাকা ব্যাংক ও বিও হিসাবগুলো থেকে অর্থ অন্যান্য স্থানে স্থানান্তর, হস্তান্তর বা নষ্ট করার চেষ্টা করছেন। দুদকের মত অনুযায়ী, যদি এসব সম্পদ স্থানান্তর বা হস্তান্তর হয়ে যায়, তাহলে পরবর্তীতে অর্থ উদ্ধারের কাজ দূরূহ হয়ে পড়বে। এজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ অনুযায়ী উল্লিখিত ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ অবিলম্বে ফ্রিজ (অবরুদ্ধ) করা প্রয়োজন।
এর আগে গত ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার ও হোসনেয়ারার বোন শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

