স্ত্রীসহ জি এম কাদেরের সম্পদ বিবরণী চায় দুদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং তার স্ত্রী শেরীফা কাদেরকে সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৭৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এই নোটিশ জারি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(১) ধারায় তাদের উভয়কে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে জি এম কাদেরের স্থাবর ও অস্থাবরসহ মোট সম্পদের পরিমাণ পাওয়া গেছে ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৬১ টাকা। তার গ্রহণযোগ্য আয়ের হিসেবে পাওয়া গেছে ৪ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ২৪ টাকা। মোট ব্যয় ২ কোটি ৪ লাখ ১৫ হাজার ৩০২ টাকা। তবে অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পারিবারিক ব্যয় বাদে তার নিট সম্পদের পরিমাণ থাকার কথা ২ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৭২২ টাকা। কিন্তু তার সম্পদ পাওয়া গেছে ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৬১ টাকা। সেই হিসাবে তার নামে ৪৮ লাখ ৭৮ হাজার ৩৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরের স্থাবর ও অস্থাবরসহ মোট সম্পদের পরিমাণ পাওয়া গেছে ১ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৫৪৫ টাকা। তার মোট আয় ৩ কোটি ২২ লাখ ৬৬ হাজার ৪৫২ টাকা এবং মোট ব্যয় ১ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৩৩৮ টাকা।

দুদকের অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয় ধরা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিলে নিট সঞ্চয় দাঁড়ায় ১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ৪৬ টাকা। তবে অনুসন্ধানে তার নামে ২৬ লাখ ৪৩ হাজার ৮৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(১) ধারায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া সম্পদের হিসাব যাচাই-বাছাই করা হবে এবং কোনো অসংগতি পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।