দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্ত্রীর নামে সংরক্ষণ করে পরে সেই অর্থই স্ত্রীর কাছ থেকে দান হিসেবে গ্রহণ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সহকারী পরিচালক মো. আকরাম হোসেন। তাঁর স্ত্রী সুরাইয়া পারভীন স্বামীর কাছ থেকে নেওয়া ৫৯ লাখ টাকা আয়কর নথিতে প্রদর্শন করেন এবং পরবর্তীতে সেটি উপহার বা দান হিসেবে স্বামীকে ফিরিয়ে দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে দম্পতির পারস্পরিক যোগসাজশে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তাদের অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন ও অপরাধলব্ধ অর্থ-সম্পদের সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে আকরাম হোসেন ও তাঁর স্ত্রী সুরাইয়া পারভীনের নামে মোট পাঁচ কোটি ২৯ লাখ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। আকরামের চাকরির বেতন-ভাতা এবং তাঁর স্ত্রীর নামমাত্র ব্যবসার আয় বিবেচনায় এই পরিমাণ সম্পদকে অস্বাভাবিক বলে মনে করছে দুদক।
সুরাইয়া পারভীন নিজেকে ‘মেসার্স স্টার ইলেক্ট্রো ওয়ার্ল্ড’-এর মালিক হিসেবে পরিচয় দিয়েছেন। তদন্তে তাঁর নামে ৭৯ লাখ ৯৩ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যা আয়কর নথিতে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে তিনি ৫৯ লাখ টাকা উপহার বা দান হিসেবে স্বামীকে দিয়েছেন।
জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে আকরাম হোসেন ও সুরাইয়া পারভীনের বিরুদ্ধে দুদকে মামলা করেছিলেন ২০২৪ সালের ২১ মে। মামলাটি তদন্ত করছেন উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু।
