দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি জানান, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে ১১ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবে।
মাউশির তথ্যমতে, ২০২৬ শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা তিন হাজার ৩৬০টি। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে সরকারি স্কুলে শূন্য আসন এক লাখ ২১ হাজার ৩০টি এবং বেসরকারি স্কুলে আসন ১০ লাখ ৭২ হাজার ২৫১টি।
২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের এক লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে দুই লাখ ৬০ হাজার ২৪৪টি। এসব আবেদনে পছন্দক্রমের সংখ্যা ছিল তিন লাখ ৭৫ হাজার ৭২৮টি। অন্যদিকে বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের জন্য আবেদন করেছে ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী, যারা মোট এক লাখ ৮০ হাজার ৮৬২টি পছন্দক্রম দিয়েছে। এর পর থেকে নতুন কোনো আবেদনসংক্রান্ত তথ্য মাউশি জানায়নি।
