দেশীয় শিল্পের বিকাশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস শিল্পের কাঁচামাল আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ প্রস্তাব উত্থাপন করেন। স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ দিতে এই খাতের দুটি কাঁচামালের ওপর বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
আজ জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার জীবনের প্রথম বাজেট। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকারেরও প্রথম বাজেট এটি।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিতব্য বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার টাকা। এটি মোট জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৬ দশমিক ৫ শতাংশ। আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতির বড় অংশই অভ্যন্তরীণ উৎস থেকে মেটানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে মোট ব্যয় ধরা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জিডিপির ১২ দশমিক ৬ শতাংশ। পরে সংশোধিত বাজেটে এটি কমে দাঁড়ায় ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। সেই তুলনায় এবার বাজেটের আকার প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। সাধারণত বাজেট ঘোষণার পর বিভিন্ন পণ্য ও সেবার দামে পরিবর্তন দেখা যায়। এবার বাজেটের আকার বাড়লেও কিছু পণ্যে উৎস কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বাড়ানোর প্রস্তাব থাকায় সেসব পণ্যের দাম বাড়তে পারে। তবে কিছু খাতে করছাড় ও ভর্তুকি দেওয়ার ফলে নির্দিষ্ট কিছু পণ্যের দাম কমার সম্ভাবনাও রয়েছে।
এবারের বাজেট বক্তৃতায় কোন খাতে কর বাড়ছে, কোথায় করছাড় দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে এর কী প্রভাব পড়তে পারে- সেদিকে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের নজর থাকবে।
