সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা ছাড়াল

রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিন গত সপ্তাহের শুরুতে বাজার থেকে কেজিপ্রতি ৩২০ টাকা দরে সোনালি মুরগি কিনেছিলেন। তবে বৃহস্পতিবার একই মুরগি তাকে কিনতে হয়েছে কেজিপ্রতি ৩৫০ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। শুধু সোনালি নয়, ব্রয়লার মুরগি ও ডিমের দামও বেড়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের মাছের দামও আগের তুলনায় কিছুটা বেশি। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তবে বাজারে সবজির দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

বিক্রেতারা জানিয়েছেন, ঈদুল ফিতরের আর মাত্র ৮–৯ দিন বাকি। ঈদের প্রস্তুতির অংশ হিসেবে অনেকে এখন থেকেই মুরগি কিনে রাখছেন। এতে সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম বেড়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে এবং ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

রোজার শুরুতে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২০০-২২০ টাকা কেজি হয়েছিল। এর কয়েক দিন পর দাম কমতে থাকে। দুই সপ্তাহ আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকায় কেনা গেছে। এরপর দাম আবার বাড়তে থাকে। গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা ছাড়ায়। সর্বশেষ গত তিন দিনে সেই দাম আরও বেড়েছে। আজ ঢাকার তিনটি বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২২০ টাকায়; অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ৬০ টাকা বেড়েছে। আর তিন দিনের মধ্যে কেজিতে ২০ টাকা দাম বেড়েছে।

দুই সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে প্রায় ৫০ টাকা বেড়েছে। বর্তমানে রাজধানীর বাজারগুলোতে মানভেদে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। কোনো কোনো বাজারে দাম ৩৬০ টাকাও নেওয়া হচ্ছে। অথচ দুই সপ্তাহ আগে একই মুরগির কেজিপ্রতি দাম ছিল ২৭০ থেকে ৩০০ টাকার মধ্যে। এদিকে দীর্ঘদিন স্থিতিশীল থাকা ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে। আজ বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকায়, যা আগের তুলনায় ডজনপ্রতি ১০ টাকা বেশি।