Header – Before
Header – After

সুভাষ সিংহ রায়-স্ত্রীর ৯ ব্যাংক হিসাব জব্দ

দুর্নীতির অভিযোগে তদন্তাধীন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি খন্দকার মমতা হেনা লাভলীর নয়টি ব্যাংক হিসাবে থাকা ৪২ লাখ ৭৩ হাজার ৭০১ টাকা জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ। দুদকের জনসংযোগ কর্মকর্তা সংস্থাটির উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সুভাষ চন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে এনে বৈধতা প্রদানের চেষ্টা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগের অনুসন্ধান চলছে। সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার নামীয় প্রতিষ্ঠান এবং তার স্ত্রী মমতা হেনা লাভলীর নামীয় এসব ব্যাংক হিসাবসমূহে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তারা ব্যাংক হিসাবগুলোর টাকা অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব অর্থ স্থানান্তরিত হলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণেই অনুসন্ধান নিষ্পত্তির আগ পর্যন্ত ব্যাংক হিসাবের টাকা স্থানান্তর বা হস্তান্তর ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর একই আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।