চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি খামারের ১০টি গরু ও ১৩টি ছাগল পুড়ে ছাই। একই ঘটনায় আগুনে ভস্মীভূত হয়েছে পাঁচটি দোকানও। শুক্রবার দিবাগত রাত প্রায় সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া খামারটির নাম ‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’। খামারের মালিক হাবিবুর রহমান জানান, তাঁর খামারে মোট ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। রাতে পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর একটি গরু উদ্ধার করা সম্ভব হলেও বাকি গরু ও ছাগলগুলো আগুনে পুড়ে মারা যায়। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের আসতে প্রায় পৌনে দুই ঘণ্টা সময় লাগে। এর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান হাবিব বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এর মাধ্যমে ঘটনার বিষয়ে জেনেছে ফায়ার সার্ভিস। এরপর ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে রওনা দেয় ফায়ার সার্ভিসের দল। ঘটনাস্থল প্রায় ১৬ কিলোমিটার দূরে হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যদিও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ঘটনাস্থলে গ্যাসের সিলিন্ডার পাওয়া যায়নি।’
