সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ডের ১ নম্বর কূপে ওয়ার্কওভারের মাধ্যমে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটি থেকে প্রতিদিন ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে মোট ৯টি কূপ আছে। এর মধ্যে ১ নম্বর কূপে ১৯৬১ সালে প্রথম গ্যাস পাওয়া যায় এবং বিরতির পর ২০১৯ সাল পর্যন্ত এই কূপ থেকে গ্যাস উত্তোলন চলেছে।
২০২৩ সাল থেকে দেশের পুরনো কূপগুলোতে নতুন করে ওয়ার্কওভার শুরু হয়েছে। এর মধ্যে সিলেট গ্যাসফিল্ডের ১৪টি কূপে কাজ চলছে। কৈলাশটিলা-১ নম্বরসহ ইতোমধ্যে ৭টি কূপের ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে এবং সবকটিতে গ্যাসের মজুদ পাওয়া গেছে। কৈলাশটিলা-১ নম্বর কূপে ওয়ার্কওভারের পর গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। তিনি জানান, গ্যাসের মজুদ পাওয়া গেছে এবং কিছু কাজ এখনও বাকি। এসব কাজ শেষ হওয়ার পর সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
সিলেট গ্যাসফিল্ড সূত্রে জানা গেছে, দুই থেকে তিন দিনের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে জাতীয় গ্রিডে এ গ্যাস যুক্ত হতে পারে। এই সূত্র জানায়, প্রায় ৪ মাস আগে কৈলাশটিলায়-১ নম্বর কূপে ওয়ার্কওভার শুরু করে বাপেক্স। ওয়ার্কওভারকালে প্রায় ২২ হাজার ফুট গভীরে গ্যাসের সন্ধান মিলেছে। এর আগে, গত ১৫ সেপ্টেম্বর থেকে সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন রশিদপুর গ্যাসফিল্ডের ৩ নম্বর পুরোনো কূপ থেকে নতুন করে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়।
ফলে সিলেটের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এর আগে, গত বছরের ২২ অক্টোবর সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপে খননকাজ শেষে গ্যাসের সন্ধান পাওয়া যায়। হরিপুরের ৭ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে দৈনিক ৭–৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। এই কূপে গ্যাস ১,২০০ মিটার গভীরতায় পাওয়া গেছে। তারও আগে, ওই বছরের ২৪ মে খননকাজ শেষে কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৮ নম্বর কূপে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মিলেছে, যা কূপের ৩,৪৪০ থেকে ৫৫,০০০ ফুট গভীরতায় পাওয়া গেছে।
জানা যায়, সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের আওতাধীন কূপগুলোতে চলমান আরও কয়েকটি প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে। খনন চলমান থাকা অন্য সকল কূপে আশানুরূপ গ্যাস পাওয়া গেলে শুধুমাত্র এই কোম্পানি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ২৫০ মিলিয়ন গ্যাস যুক্ত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে কয়েকটি কূপ অনুসন্ধান ও ওয়ার্কওভারের কাজ চলছে।
এর আগে, গত বছরের ২৭ জানুয়ারি সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন রশিদপুরের ২ নম্বর কূপে গ্যাসের নতুন স্তরের সন্ধান মেলে, যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট। তারও আগে ২০২৩ সালের ২৬ নভেম্বর দেশের সবচেয়ে পুরানো গ্যাসক্ষেত্র হরিপুরের ১০ নম্বর কূপে গ্যাসের সন্ধান মেলে। খনন কাজ শেষে ওইদিন গ্যাস প্রাপ্তির তথ্য নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। আর ওই বছরের ২২ নভেম্বর সিলেটের কৈলাশটিলায় পরিত্যক্ত ২ নম্বর কূপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। এখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।
সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় ১৯৫৫ সালে। এরপর আবিষ্কার হতে থাকে একের পর এক গ্যাসক্ষেত্র। বর্তমানে এসজিএফএল-এর আওতায় পাঁচটি গ্যাসক্ষেত্র রয়েছে। সেগুলো হলো—-হরিপুর গ্যাসফিল্ড, রশীদপুর গ্যাসফিল্ড, ছাতক গ্যাসফিল্ড, কৈলাশটিলা গ্যাসফিল্ড ও বিয়ানীবাজার গ্যাসফিল্ড। এর মধ্যে ছাতক গ্যাসফিল্ড পরিত্যক্ত অবস্থায় আছে।
