রিটেইল চেইন শপ স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির দাবি করেছেন,দেশে নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই,সবই কাল্পনিক।সবাইকে এসব কল্পনা থেকে বের হয়ে আসার আহবানও জানান তিনি।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘খাদ্য পণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’শীর্ষক সেমিনারে অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
সাব্বির হাসান নাসির বলেন,সবাই বলেন সয়াবিন তেলের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ায়।আমি বলব,তারা কেউ টাকা বানায় না,তারা লস দিয়ে চালাচ্ছে।বেসরকারি ব্যবসায়ীরা কেউ লুটেপুটে খেতে আসেনি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদহার কোনো কাজে আসেনি জানিয়ে তিনি বলেন,উচ্চ মূল্যস্ফীতির কারণে জনপ্রতি পুষ্টি গ্রহণের হার কমেছে।সুদের হার বাড়ার কারণে পণ্যের দাম কমেনি-এটা ভালো পলিসি না।
এর আগে সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষণা পরিচালক ড.খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,বিগত সরকার সব সময় মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে ছিল।একটি বাড়লে সরকার আরেকটি কৃত্রিমভাবে কমিয়ে দেখানো হতো।
তিনি বলেন,এখন অব্যাহতভাবে সারা বছর চালের দাম বাড়ছে,এমনকি চালের মৌসুমেও দাম বাড়ছে।সরকারি মজুদ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দেন মিলাররা। ২৭ টাকার চাল কিভাবে ৫৭ টাকায় বিক্রি হয়।
সরকারকে দায়ী করে খন্দকার মোয়াজ্জেম বলেন,বাজারের পর্যাপ্ত তথ্য সরকারের কাছে নেই। কত উৎপাদন,কত সংকট সে তথ্য তারা রাখেন না।
