সিটি ব্যাংকের ইজিএম বাতিল, শাহজালালের পরিচালক শেয়ার বিক্রি করবেন

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংক পৃথক মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে। এর মধ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে সিটি ব্যাংক পিএলসি। আর শাহজালাল ইসলামী ব্যাংকের এক পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে এই তথ্য জানিয়েছে ব্যাংক দুটি।

ডিএসইতে দেওয়া তথ্য অনুযায়ী, সিটি ব্যাংক পিএলসির ৪ অক্টোবরের বিশেষ সাধারণ সভা (ইজিএম) বাতিল করা হয়েছে। গতকাল (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ইজিএম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ৪ অক্টোবর বিকেল ৩টায় নির্ধারিত সভাটি আর অনুষ্ঠিত হবে না। তবে ইজিএম বাতিলের কারণ জানায়নি ব্যাংকটি।

এদিকে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক তাহেরা ফারুক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই জানিয়েছে, ওই পরিচালকের কাছে ব্যাংকটির মোট ৩ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৭২৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে ১০ লাখ শেয়ার তিনি পাবলিক মার্কেটে বিক্রি করবেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করার কথা রয়েছে।