সিটি ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে তদন্তের নির্দেশ

সাম্প্রতিক সময়ে সিটি ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদরে অস্বাভাবিক ওঠানামা ও লেনদেনের ঘটনা নজরে এসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। শেয়ার লেনদেনে অস্বাভাবিকতা, কারসাজি বা অন্য কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর সিটি ইন্স্যুরেন্সের শেয়ারের দর ছিল ১২৭ টাকা ৬০ পয়সা। এরপর বিভিন্ন সময়ে দর ওঠানামা করে গতকালের লেনদেন শেষে তা দাঁড়ায় ১৩২ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ এক মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা প্রায় ৪ শতাংশ। গত ৪ অক্টোবর বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের সার্ভেইল্যান্স বিভাগ থেকে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (ভারপ্রাপ্ত) কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সিটি ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারে অস্বাভাবিক মূল্য পরিবর্তন ও লেনদেনের আচরণ পর্যবেক্ষণ করেছে কমিশন। কোম্পানিটি ‘বি’ শ্রেণিভুক্ত এবং ঢাকা ও চট্টগ্রাম—দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তদন্তের নির্দেশ জারির তারিখ পর্যন্ত সিটি ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন পর্যালোচনা করতে হবে। এ সময়ে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে সমন্বিত, কারসাজিমূলক বা প্রকৃত নয়—এ ধরনের কোনো লেনদেন হয়েছে কি না, তা শনাক্ত করতে বলা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ অভ্যন্তরীণ লেনদেন এবং অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের (ইউপিএসআই) অপব্যবহার হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখতে হবে। সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও তাদের অনুমোদিত প্রতিনিধিরা কমিশনের মার্জিনসংক্রান্ত বিধিমালা, আদেশ, প্রজ্ঞাপন ও নির্দেশনা যথাযথভাবে পরিপালন করেছে কি না, তাও তদন্তের আওতায় থাকবে।

শেয়ার লেনদেনে কোনো ধরনের অনিয়মে সংশ্লিষ্ট ব্রোকার, স্টক ডিলার বা তাদের অনুমোদিত প্রতিনিধির ভূমিকা ছিল কি না, কিংবা তারা এসব লেনদেন সংঘটিত হতে সহায়তা করেছে বা তা প্রতিরোধে ব্যর্থ হয়েছে কি না, তাও নির্ধারণ করতে বলেছে বিএসইসি। পাশাপাশি সিকিউরিটিজসংক্রান্ত আইন ও বিধি লঙ্ঘনের অন্য কোনো ঘটনা রয়েছে কি না, সেটিও চিহ্নিত করতে হবে। এসব বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ৩০ কর্মদিবসের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়েছে ডিএসইকে।

এদিকে সন্দেহজনক লেনদেনের বিষয়ে সংশ্লিষ্ট অনুমোদিত প্রতিনিধি (এআর), কমপ্লায়েন্স কর্মকর্তা এবং স্টক ব্রোকার বা স্টক ডিলারের প্রধান নির্বাহী কর্মকর্তাদের মধ্যে সচেতনতা তৈরির নির্দেশও দিয়েছে বিএসইসি। চিঠিতে বলা হয়েছে, এ ধরনের লেনদেন ২০০০ সালের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালার সংশ্লিষ্ট বিধির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। তদন্তে ডিএসইকে প্রয়োজনীয় সহায়তা দিতে সিটি ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনসংক্রান্ত তথ্য সরবরাহের জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তাকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।