সালিসের মাধ্যমে সমাধান চায় জিপি-রবি

মামলার জটিলতা এড়াতে অডিট আপত্তির বকেয়া পাওনা নিষ্পত্তিতে সমঝোতার পথ চাইছে দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি) ও রবি আজিয়াটা। চলতি বছরের মাঝামাঝি সময়ে তারা বিটিআরসির কাছে সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আবেদন করেছে। বিষয়টি এখন সমঝোতার মাধ্যমে সমাধান করা যায় কি না, তা বিবেচনা করছে বিটিআরসিও।

দশ বছর আগে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি গ্রামীণফোন ও রবির ওপর নিরীক্ষা চালায়। ১৯৯৬ থেকে ২০১৪ পর্যন্ত কর, ভ্যাট, হ্যান্ডসেট রয়্যালটি, তরঙ্গমূল্য, লাইসেন্স ফিসহ নানা বিষয়ের হিসাব যাচাই করে সংস্থা। ওই নিরীক্ষার ভিত্তিতে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা দাবি তোলে বিটিআরসি।

বিটিআরসির এই পাওনা দাবির বিপরীতে গ্রামীণফোন ২ হাজার কোটি টাকার বেশি ও রবি ১৩৮ কোটি টাকা পরিশোধও করেছে। যদিও শুরু থেকে দুই অপারেটরই এই নিরীক্ষা দাবি নিয়ে তাদের আপত্তি জানিয়ে আসছিল। এমনকি বিটিআরসির এই পাওনা দাবির বিপরীতে আদালতে মামলাও করে অপারেটর দুটি। পরে সালিসের মাধ্যমে পাওনার বিষয়টি নিষ্পত্তির দাবি জানায় তারা। যদিও বিটিআরসি শুরু থেকে বলে আসছে, তাদের আইনে সালিসের কোনো সুযোগ নেই।

রাজনৈতিক পরিবর্তনের পর গ্রামীণফোন ও রবি আবারও বকেয়া পাওনা সালিসের মাধ্যমে নিষ্পত্তির অনুরোধ জানিয়ে সম্প্রতি বিটিআরসিকে চিঠি দিয়েছে। ২৯ জুলাই পাঠানো চিঠিতে গ্রামীণফোন জানায়, নিরীক্ষা দাবির অর্থ নিয়ে মামলাটি দীর্ঘদিন ধরে চলছে; সময়, প্রক্রিয়া ও কারিগরি জটিলতা বিবেচনায় তারা এখন সালিসি প্রক্রিয়ায় সমাধান চায়। একইভাবে রবি চলতি বছরের ১ জুন বিটিআরসিকে চিঠি দিয়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানায়।

গ্রামীণফোন চিঠিতে বলেছে, এ–সংক্রান্ত মামলাটি ছয় বছর ধরে বিচারাধীন। দেওয়ানি আদালতে মামলার জট ও নিষ্পত্তির ধীরগতির কারণে নিকট ভবিষ্যতে চূড়ান্ত রায় পাওয়া সম্ভব নয়। এ অবস্থায় সালিসি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হলে তা সংশ্লিষ্ট সব পক্ষের জন্যই ভালো। বিটিআরসি যেন সালিসি চুক্তির মাধ্যমে এ বিষয়ে নিয়ে আলোচনা শুরু করে, সে অনুরোধও জানিয়েছে গ্রামীণফোন।

জানতে চাইলে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, ‘গ্রামীণফোন সব সময়ই দায়িত্বশীল ও আইন মেনে চলা কোম্পানি। শুরু থেকে নিরীক্ষা দাবি নিয়ে আমরা চ্যালেঞ্জ করেছি। কারণ, এই নিরীক্ষায় বিষয়বস্তু, পদ্ধতি ও প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে। এ অবস্থায় সবার স্বার্থে একটি ন্যায়সংগত, স্বচ্ছ ও সময়োপযোগী সমাধানে পৌঁছানো দরকার। সালিসি প্রক্রিয়া এই ধরনের বিষয় সমাধানের জন্য একটি প্রতিষ্ঠিত ও কার্যকর আইনি পদ্ধতি। গ্রামীণফোন বিটিআরসির সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত, যাতে এই প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান নিশ্চিত করা যায়।’

এদিকে রবি বলছে, মধ্যস্থতার মাধ্যমে দীর্ঘ আইনি প্রক্রিয়া ছাড়াই গঠনমূলকভাবে এই বিরোধের সমাধান সম্ভব। তাতে সময়, সম্পদ ও পারস্পরিক স্বার্থ বজায় থাকবে। এ জন্য মধ্যস্থতা প্রক্রিয়া শুরুর জন্য বিটিআরসির প্রতি অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি কর্মকর্তা সাহেদ আলম বলেন, সমস্যা সমাধানে রবি সব সময়ই প্রস্তুত। আদালতের মাধ্যমে সমাধান চাওয়ার পর বিটিআরসি ছয় বছর ধরে সাড়া না দেওয়ায় এই প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। নিরীক্ষা বিরোধের কারণে টেলিকম খাতে বিনিয়োগ ও উদ্ভাবনে বাধা সৃষ্টি হয়েছে। সমস্যার ন্যায্য সমাধান হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।

একসময় বিরোধ নিষ্পত্তি নিয়ে কোনো ধরনের আলোচনায় যেতে না চাইলেও বর্তমানে সালিসের মাধ্যমে এ বিষয়ের সমাধান করা যায় কি না, তা খতিয়ে দেখছে বিটিআরসি।জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘আমরা দুই অপারেটরের চিঠি পেয়েছি। বিটিআরসির আইনি পরামর্শক প্রতিষ্ঠানের মতামত নিয়ে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’