সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য প্রায় দ্বিগুণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দর আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বিইআরসির সদস্য মো. আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহীদ সারওয়ার ও সৈয়দা সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর গণশুনানিতে বিইআরসির কাছে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। কমিশনের কারিগরি কমিটি প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা নির্ধারণে মতামত দিয়েছিল।
এর আগে পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়, দাম বাড়ানো হলে বাড়তি ৭ কার্গো এলএনজি আমদানি করে সারে সরবরাহ করা হবে। ৬ মাস (অক্টোবর-মার্চ) পুরোমাত্রায় (২৫০ মিলিয়ন ঘনফুট) গ্যাস সরবরাহ দেওয়া হবে। অবশিষ্ট ৬ মাসের মধ্যে এপ্রিল-মে ১৬৫ মিলিয়ন হারে, জুনে ১৭৫ মিলিয়ন এবং জুলাই-সেপ্টেম্বর ১৩০ মিলিয়ন হারে গ্যাস সরবরাহ দেবে।
