সারাদেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দুপুরে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সারাদেশের বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ভোটের হার নির্ধারণ করা হয়েছে। এখনও কিছু বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত তথ্য আসেনি। তবে সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশেই রয়েছে বলে ইসি জানিয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে। কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, ২১১টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি ও তার মিত্র দলগুলো।

অন্যদিকে, জামায়াতের ১১ দলীয় ঐক্য ৭৭টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র ও অন্য প্রার্থীরা ৭টি আসনে জয় পেয়েছেন। আদালতের মামলা সংক্রান্ত জটিলতায় তিনটি আসনের ফল পরে ঘোষণা করবে ইসি।